নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, জাতিসংঘের পরামর্শ অনুযায়ী উদ্যোগ নেওয়ায় সুইডেন এখন শতভাগ সড়ক দুর্ঘটনামুক্ত দেশ। সেখানে এখন দুর্ঘটনায় একজনেরও মৃত্যু হয় না। অথচ বাংলাদেশে প্রতিবছর ২৫ হাজার মানুষের দুর্ঘটনায় মৃত্যু হয়। জাতিসংঘের পরামর্শ না মানার কারণেই এ দেশে সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব হচ্ছে না।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বগুড়ার বনানীতে পর্যটন মোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। নিসচা আয়োজিত ওই সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
সভায় ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক নিয়ে ২০১০ সালে প্রথম আন্তর্জাতিক কর্মশালা হয়। চলতি বছরের জুনেও জাতিসংঘের সাধারণ পরিষদে নিরাপদ সড়ক নিয়ে আলোচনা হয়েছে। সরকার ও রাজনৈতিক দল যত দিন না চাইবে, তত দিন নিরাপদ সড়ক নিশ্চিত হবে না। শুধু সামাজিক আন্দোলন দিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত সম্ভব নয়। অথচ জাতিসংঘের পরামর্শ বাস্তবায়নে এ দেশে উদ্যোগের অভাব আছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন তৈরি করা, সড়কের সক্ষমতা বাড়ানো, সড়কে চলাচল উপযোগী গাড়ি নিশ্চিত করা, দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা—সব দায়িত্ব সরকারের। অথচ এ দেশে তা হয় না।
শুধু ব্যক্তিস্বার্থের কারণে নিরাপদ সড়ক আন্দোলন সফল হচ্ছে না মন্তব্য করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থাকতে পারছি না বলেই নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারছি না। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে দেশকে বেশি ভালোবাসতে হবে। দেশের জন্য নিজের দায়বদ্ধতা ও জবাবদিহি থেকে নিরাপদ সড়কের জন্য কাজ করতে হবে।’
মতবিনিময় সভায় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘একই চালক দিনে ও রাতে গাড়ি চালান, এখানে মালিক-শ্রমিকের স্বার্থ আছে। সড়ক-মহাসড়কে চান্দামান্দা আছে। সেখানেও মালিক-শ্রমিকের কত ধরনের স্বার্থ আছে। আইনের কথা বললেই সড়কে ব্যারিকেড দেন, ধর্মঘট ডাকেন, গাড়ি বন্ধ করে দেন।’
অপ্রশিক্ষিত চালকের পক্ষ নিয়ে সাবেক এক মন্ত্রীর মন্তব্যে হতাশা ব্যক্ত করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘একজন মন্ত্রী অপ্রশিক্ষিত চালকের পক্ষ নিয়ে বলেছেন, “গাড়ি না চালালে ওরা কোথায় যাবে? খাবে কী?” এটা কোনো দায়িত্বশীল কথা হতে পারে না। তাঁদের যেমন খাওয়ার অধিকার আছে, আমাদেরও বাঁচার অধিকার আছে। আপনারা রাষ্ট্রক্ষমতায়। সমন্বয় করার দায়িত্ব আপনাদের। সড়কে প্রিয়জনকে হারানোর আহাজারি কী এভাবে চলতেই থাকবে? তারা খাবে কী, যাবে কোথায়—এসব বলা অযৌক্তিক। তাহলে এই যুক্তিতে তো চোর, ডাকাত, ছিনতাইকারীরাও মানুষ মেরে মেরে খাবে। বন্ধ করতে বললে, বলবে, “আমরা খাব কী?”’
নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে হতাশা ব্যক্ত করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যা বিশ্বাস করি, যা নিজে করি, সেটা নিয়ে আন্দোলন করি। প্রতিবছর ২৫ হাজার মানুষ দুর্ঘটনায় মারা যায়। ১০ হাজার পরিবারের একজন করে সদস্য এ আন্দোলনে আমার পাশে দাঁড়ালেও ২৯ বছরে সমষ্টিগত স্বার্থ রক্ষা হতো। নিরাপদ সড়ক নিশ্চিত হতো। প্রত্যেকে দায়িত্ব নিলে এত দুর্ঘটনা হতো না।’
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, বাংলাদেশের বয়স প্রায় ৫২ বছর। দেশটাকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। যাঁর যে দায়িত্ব, সঠিকভাবে তা পালন করতে হবে। তা হলেই এ দেশের ভালো হবে। দেশ এগিয়ে যাবে।
নিরাপদ সড়ক চাই আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার প্রমুখ বক্তব্য দেন।