
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম কলাউজান বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়।
মারা যাওয়া দুই বোন হলো আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার মো. ইউনুছের মেয়ে। তাদের বাবা কলাউজানের একটি হেফজখানায় চাকরি করেন। এর সুবাদে কলাউজান এলাকায় পরিবারসহ একটি ভাড়া বাসায় থেকে আসছেন।
দুই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দুই বোন সাঁতার জানত না। বাসার অদূরে একটি পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
খোরশেদ আলম বলনে, ‘দুজন দীর্ঘ সময় ধরে বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নেমে অচেতন অবস্থায় পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেছেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’