নূর আলম
নূর আলম

বাবার লাশ দেখতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন, পথে ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর খবর পেয়ে কর্মস্থল মাগুরা থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন নূর আলম (৪৫)। পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। গতকাল বুধবার রাত নয়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নূর আলম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। তবে তিনি কর্মসূত্রে মাগুরায় থাকতেন।

চৌড়হাস হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বার্ধক্যের কারণে নূর আলমের বাবা মারা যান। খবর পেয়ে নূর আলম তাঁর ভায়রাভাই আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মাগুরা থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। স্বস্তিপুর এলাকায় পৌঁছালে একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

একপর্যায়ে নূর ইসলাম ও আকিদুল মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা আরেকটি গাড়ি নূর আলমের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে গাড়িটি শনাক্ত করা যায়নি। আকিদুল ইসলাম সামান্য আহত হন।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে জানিয়ে চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, গাড়িটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় দৌলতপুরের লালনগর গ্রামে শোক নেমেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার উভয়ের জানাজা ও দাফনের কথা আছে।