বাঁ দিকের সাদা ভবনটি হেলে পড়েছে। আজ রোববার দুপুরে চাঁদপুর পৌরসভার পালপাড়ায়
বাঁ দিকের সাদা ভবনটি হেলে পড়েছে। আজ রোববার দুপুরে চাঁদপুর পৌরসভার পালপাড়ায়

চাঁদপুরে পাশাপাশি দুটি ভবনের একটি হেলে পড়েছে, সতর্কীকরণ নোটিশ

চাঁদপুর পৌরসভার পালপাড়ায় একটি চারতলা ভবন হেলে পড়েছে আরেকটি ভবনের ওপর। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন পাশের ভবনের মালিক। আজ রোববার দুপুরে দুটি ভবনে সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে ভবন খালি করার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

আজ দুপুরে চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন পৌরসভার প্রকৌশলী, শহর পরিকল্পনাবিদ ও কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে ওই দুটি ভবনের বাসিন্দাদের ভবন ছাড়তে জরুরি নোটিশ টাঙানো হয়।

হেলে পড়া ভবনের পাশের ভবন মালিক শাহ আলম বলেন, ২০১২ সালে পৌরসভার নকশা অনুযায়ী তিনি চারতলা ভবনটি নির্মাণ করেন। পরে তাঁর প্রতিবেশী শাহজাহান পাটোয়ারী তাঁর ভবনের লাগোয়া একটি চারতলা ভবন নির্মাণ করেন। বর্তমানে শাহজাহান পাটোয়ারীর ভবনটি হেলে তাঁর ভবনের দিকে ঝুঁকে পড়েছে। তিনি আতঙ্কে রয়েছেন।

ঝুঁকিপূর্ণ দুটি ভবনেই সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে দেয় পৌরসভা কর্তৃপক্ষ। আজ রোববার দুপুরে চাঁদপুর পৌরসভার পালপাড়ায়

মো. শাহজাহান পাটোয়ারী বলেন, ‘আমি সৌদি আরব থাকার সময় পৌরসভার অনুমোদন নিয়ে এক ঠিকাদারের মাধ্যমে বাড়িটি করেছি। এখন যে সমস্যা দেখা দিয়েছে, সে ক্ষেত্রে ত্রুটি থাকলে আমি পৌরসভাকে সহযোগিতা করব।’

এ বিষয়ে চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন বলেন, ‘তাঁরা পৌরসভার নিয়ম না মেনে ভবন দুটি নির্মাণ করেছেন। যেকোনো কারণেই হোক, একটি ভবনের সঙ্গে আরেকটি ভবন হেলে লেগে গেছে। আমরা দুটি ভবনেই সতর্কীকরণ নোটিশ দিয়েছি, যেন দ্রুত ভবন খালি করা হয়।’