স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ছয় মণ গাঁজা পরিবহন, তিনজন গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সদ্যস্যদের হাতে আটক ছয় মণ গাঁজা। সোমবার বেলা ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীতে
 ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে দুটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল ছয় মণ গাঁজা। নাটোরের সিংড়া উপজেলার লালোর বাজার এলাকায় আজ সোমবার সকালে অভিযান চালিয়ে চালানটি জব্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

এ সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বেলা ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুরুশা ফেরুশা গ্রামের নূর আলিম সরকার (৩৭), ধুলারকুটি গ্রামের মোমিনুল ইসলাম (৩৬) ও পানিমাছকুটি গ্রামের হোসাইন আহমেদ (২৩)। তাঁদের কাছ থেকে একটি দামি পাজেরো ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম থেকে আসা গাঁজার চালানটি ওই দুইটি গাড়িতে করে নাটোর ও পাবনায় সরবরাহ করার কথা ছিল। পাজেরো গাড়িতে ১৫০ কেজি ও মাইক্রোবাসে ৯০ কেজি গাঁজা ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। তারা গাঁজা পাচারে দামি জিপ থেকে কার্গো ট্রাক, অ্যাম্বুলেন্স, পাওয়ার টিলারের মতো যানবাহন ব্যবহার করছে। অভিযানে গ্রেপ্তার তিনজনের মধ্যে নূর আলিম সরকার কুড়িগ্রামের শীর্ষ মাদক কারবারি। ইলেকট্রনিকস ব্যবসার আড়ালে তিনি মাদক কারবার করে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন। হোসাইন মাদকের হোতা। ২৬ মে তাঁকে ১১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারের ২৬ দিনের মাথায় আদালত থেকে জামিন পেয়ে আবার গাঁজার কারবার শুরু করেন। মোমিনুল তাঁদের দুজনের সহযোগী। তাঁদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করা হয়েছে।
অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান বলেন, গত ছয় মাসে তাঁরা বিপুল পরিমাণ গাঁজার চালান জব্দ করেছেন। মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত নিজেদের কৌশল বদলাচ্ছে। তাঁদেরও বিভিন্ন কৌশল বদলে কাজ করতে হচ্ছে। মাদকের হোতাদের নজরদারির মধ্যে রাখার কারণে চালানগুলো ধরা পড়ছে।