পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন। গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজে
পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন। গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজে

চট্টগ্রামে তৃতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, স্বাস্থ্যসেবা ব্যাহত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন চলছে। ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ না দেওয়ায় রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

পাঁচ দফা দাবিতে দেশের অন্য মেডিকেল কলেজগুলোর মতো গত রোববার সকাল আটটা থেকে টানা কর্মবিরতি পালন করে আসছেন চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে রোববার থেকে ক্লাস বর্জন কর্মসূচিও চলছে চমেকের শিক্ষার্থীদের।

চমেকের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। আজ দুপুরে এ–বিষয়ক একটি রিটের আদেশ দেওয়ার কথা রয়েছে। ওই আদেশের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ইন্টার্ন চিকিৎসকদের টানা কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটেছে। সাধারণত ওয়ার্ডগুলোয় স্থায়ী চিকিৎসকদের পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকেরা চিকিৎসাসেবা দিয়ে থাকেন। রোগীর কাছাকাছি থাকেন ইন্টার্ন চিকিৎসকেরা। কিন্তু রোগীরা এখন ডাকাডাকি করেও সহজে চিকিৎসকের দেখা পাচ্ছেন না।