ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে
ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে

পরীক্ষায় ভালো নম্বরের কথা বলে ছাত্রীকে কুপ্রস্তাব, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি

পরীক্ষায় ভালো নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় রংপুরের পীরগাছার বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর নাম আবদুল কাদের।

ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার একাডেমির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

সম্প্রতি এক ছাত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায়। ওই ছাত্রী সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এ ধরনের আচরণ না করতে বলেন।

অডিওটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া হয়। অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার একাডেমির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।

অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, পীরগাছার ইউএনও

ঘটনার পর গত বৃহস্পতিবার একাডেমির ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে নীতিমালা অনুযায়ী প্রভাষক আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে।