
রংপুরে ২৯ অক্টোবরের বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতারা বিভাগের আট জেলা সফর করছেন। কয়েকটি জেলায় ইতিমধ্যে সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয়েছে। জেলাগুলো সফর শেষে কেন্দ্রীয় নেতারা আগামী বৃহস্পতিবার থেকে রংপুরে অবস্থান করবেন বলে সমাবেশের আয়োজক রংপুর মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু আজ সোমবার প্রথম আলোকে বলেন, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় নেতারা বিভাগের আট জেলা গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় সফর করছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় এই সাংগঠনিক সফর সম্পন্ন হয়েছে। সফরকারী কেন্দ্রীয় নেতাদের দলে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম। সফর শেষে বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় নেতারা রংপুরে অবস্থান করবেন বলে তিনি জানান।
সামসুজ্জামান আরও বলেন, ১০ দিন আগে বিভাগীয় সমাবেশের স্থান রংপুর জিলা স্কুল মাঠের অনুমতি চেয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে তাঁরা আবেদন করেছেন। জেলা প্রশাসনের কাছে আবেদনের কপি দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন জিলা স্কুল মাঠ ব্যবহারের অনুমতি না দিয়ে এর একটু অদূরে কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশের করার জন্য মৌখিকভাবে বলেছেন। সমাবেশের নতুন স্থান নিয়ে অবশ্য দলের পক্ষ থেকে কোনো দ্বিমত নেই। কেননা তাঁরা শহরের মূল জায়গায় সমাবেশ করতে চান। কালেক্টরেট ঈদগাহ মাঠটিও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।
সমাবেশে দুই লাখের ওপর দলীয় কর্মী-সমর্থক-সংগঠকের উপস্থিতির লক্ষ্যের কথা জানিয়ে সামসুজ্জামান বলেন, ‘ইতিমধ্যে রংপুর নগরের ৩৩টি ওয়ার্ডে বিএনপির কর্মী, সংগঠন ও সমর্থকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৌশলগত কারণে তেমন প্রচারণা চালানো হয়নি। আশা করি, সমাবেশে শুধু দলীয় কর্মী নয়, মানুষেরও ঢল নামবে।’
এদিকে রংপুরে ‘চলো চলো রংপুর চলো’ স্লোগানে একটি পোস্টার সাঁটানো হয়েছে। এতে বলা হয়েছে, গণসমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ।
জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সমাবেশ সফল করে তুলতে প্রতিদিনই জেলা শহরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মিসভা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। এভাবে কর্মিসভা অব্যাহত রয়েছে।