
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন। সোমবার রাত আটটায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তিনজন হলেন ঘাটাইল পৌর এলাকার চান্দশী গ্রামের আবদুস ছামাদের ছেলে সাকিব হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। গুরুতর আহত সিয়াম (১৮) চান্দশী গ্রামের আয়নাল হকের ছেলে। তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঘাটাইল পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তিন বন্ধু সাকিব, সুমন ও সিয়াম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ফেরার পথে রাত আটটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন রাস্তায় ছিটকে পড়ে যান। এতে সাকিব হাসান ও সুমন মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত সিয়ামকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।