বিশেষ সাক্ষাৎকার: টানেল প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী

কোভিডের সময় এক দিনের জন্যও কাজ বন্ধ হয়নি

দেশের প্রথম টানেল নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী মো. হারুনুর রশীদ চৌধুরী। সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক এই অতিরিক্ত প্রধান প্রকৌশলী কর্মজীবনে বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। টানেল নির্মাণে সমস্যা, তা থেকে উত্তরণ, যোগাযোগের সম্ভাবনা এবং নিজের অনুভূতির কথা বলেছেন প্রথম আলোকে। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক সুজন ঘোষ।

কর্ণফুলী টানেল প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী
ছবি জুয়েল শীল
প্রশ্ন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণ করা হয়েছে। এই টানেল নির্মাণ করতে গিয়ে কী ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যার মুখোমুখি হয়েছিলেন?

মো. হারুনুর রশীদ চৌধুরী: বাংলাদেশে প্রকল্প বাস্তবায়ন করতে গেলে সাধারণভাবে বেশ কিছু সমস্যা মোকাবিলা করতে হয়। বিশেষ করে ভূমি অধিগ্রহণ, সেবা সংস্থার লাইন স্থানান্তর। এসব প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্প বাস্তবায়ন করতে দীর্ঘ সময় লেগে যায়। টানেল নির্মাণ প্রকল্পেও এ ধরনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এ ছাড়া টানেল ছিল একদম নতুন বিষয়। তাই চ্যালেঞ্জও ছিল বেশি। তবে প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের সাবেক ও বর্তমান সচিবদের নির্দেশনা ও পরামর্শে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ করতে সক্ষম হয়েছি।

প্রশ্ন

চ্যালেঞ্জগুলো যদি বলতেন?

হারুনুর রশীদ চৌধুরী: হার্ড রক বা শক্ত মাটিতে টানেল নির্মাণ অনেকটাই সহজ। কিন্তু আমাদের দেশের মাটি নরম। এখানে টানেল করাই হচ্ছে চ্যালেঞ্জের। সে জন্য আমরা বেশ কিছু কারিগরি সমস্যা মোকাবিলা করি। যেমন প্রথম টিউবের (পতেঙ্গা থেকে আনোয়ারামুখী) কাজ করার মাঝামাঝি সময়ে মাটির পার্থক্যের কারণে (ওপরে নরম মাটি ও নিচে শক্ত মাটি) টিবিএম (টানেল বোরিং মেশিন) নির্দিষ্ট জায়গা দিয়ে না গিয়ে ওপরের দিকে চলে যেতে থাকে। এই সমস্যার কারণে প্রায় চার মাস খননকাজ বন্ধ ছিল। পরে চীনসহ বিদেশি বিশেষজ্ঞরা এসে এই সমস্যার সমাধান করে। এসব করে প্রথম টিউবের কাজ শেষ করতে সময় লাগে ১৮ মাস। তবে দ্বিতীয় টিউবে (আনোয়ারা থেকে পতেঙ্গামুখী) এ ধরনের সমস্যায় পড়তে হয়নি। দ্বিতীয় টিউব খনন করতে লেগেছে মাত্র ১০ মাস।

এ ছাড়া ভূমি অধিগ্রহণ নিয়েও সমস্যা ছিল, যেটি বাংলাদেশের সব প্রকল্পে হয়। টানেল নির্মাণ প্রকল্প ছিল জিটুজি (সরকার টু সরকার) প্রকল্প। চীনের এক্সিম ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল। ঋণ চুক্তির একটি শর্ত ছিল, প্রকল্পের কাজ শুরুর আগে যে পরিমাণ জমি প্রয়োজন, তা ঠিকাদারের কাছে হস্তান্তর করতে হবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তা সম্ভব নয়। ঋণ পেতে সমস্যা হয়। পরে একাধিক বৈঠক করে তার সমাধান করা হয়।

আরও একটি চ্যালেঞ্জ ছিল প্রকল্প বাস্তবায়নে। টানেলের নির্মাণের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছিল, টানেল খনন করার সময় নিরবচ্ছিন্ন ১৫ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। কিন্তু ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) এ জন্য ধরা ছিল মাত্র এক কোটি টাকা। কিন্তু টাকা ছাড়াই ডিপোজিট ওয়ার্ক হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কাজটা শুরু করে দিয়েছিল। পরে প্রকল্প সংশোধন করতে হয়েছে। এটা একটা বিরাট বাধা ছিল।

প্রশ্ন

প্রকল্পের কাজ শুরুর এক বছরের মধ্যে মহামারি করোনা শুরু হয়। ওই সময় কাজ করার অভিজ্ঞতা কেমন?

হারুনুর রশীদ চৌধুরী: করোনাকালে বিভিন্ন সময়ে একাধিকবার বিধিনিষেধ ছিল। অফিস-আদালত বন্ধ ছিল। তারপরও কাজ করতে হয়েছে। আপনারা জানেন, প্রকল্পের অনেক মালামাল বিদেশ থেকে আনতে হয়েছে। এসব মালামাল আনার যে প্রক্রিয়া, লকডাউন থাকার কারণে বাধাগ্রস্ত হয়। তখন আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ অফিস বন্ধ ছিল। তবুও তাদের সঙ্গে যোগাযোগ করে কাস্টমসের সহায়তা নিয়ে কাজ চালিয়ে যেতে সক্ষম হই। কোভিডের সময় আমাদের কাজ এক দিনের জন্যও থামেনি। হয়তো কাজের গতি কম ছিল। এই সময়ে কাজ অব্যাহত রাখার বিষয়ে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং সেতুসচিব মোহাম্মদ বেলায়েত হোসেন নানাভাবে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছিলেন।

প্রশ্ন

টানেল এই অঞ্চলে যোগাযোগব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন?

হারুনুর রশীদ চৌধুরী: চট্টগ্রামের যোগাযোগব্যবস্থা এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্তি হলো। তারপর আছে কর্ণফুলী নদী। এ নদী চট্টগ্রামকে দুই ভাগে ভাগ করেছে। এক পাশে শহর, আরেক পাশে শিল্প এলাকা আনোয়ারা, যেটি আগে গ্রাম ছিল। কর্ণফুলী নদীর ওপর যে সেতু, তা যানজট ও ক্রমবর্ধমান ট্রাফিক সমস্যার সমাধান করতে পারছিল না। আবার সেতুর কারণে নদীর তলদেশে পলিমাটি ভরাট হচ্ছিল। এর ফলে বন্দরের কার্যক্রমের ব্যাঘাত ঘটছিল। বন্দরের কার্যক্রম অক্ষুণ্ন রেখে, চট্টগ্রাম শহরের যানজট নিরসন করতে এবং চট্টগ্রাম শহরকে সম্প্রসারণের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

প্রশ্ন

দেশের প্রথম টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক হিসেবে অনুভূতি কেমন?

হারুনুর রশীদ চৌধুরী: বাংলাদেশের প্রথম টানেল একটি গৌরবজনক অর্জন। এই টানেল বাস্তবায়নে শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রকল্প পরিচালক হিসেবে যুক্ত থাকতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল সম্পর্কে আমাদের দেশের প্রকৌশলীসমাজকে জানার সুযোগ করে দেওয়ায় ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ছাড়া বাংলাদেশের অনেক প্রকৌশলীর মধ্যে আমার সংযুক্তিটা অনেক গৌরবজনক বলে মনে করছি। এই প্রকল্পে দেশের নবীন ও মাঝবয়সী অনেক প্রকৌশলী যুক্ত ছিলেন। এর মাধ্যমে যে জ্ঞান লাভ হয়েছে, তা ভবিষ্যতে কাজে দেবে।