
গত দুই দিনে সিলেট জেলার মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সিলেট জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল বুধবার তাপমাত্রা নেমে গিয়ে হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবারও তাপমাত্রা অপরিবর্তিত।
সিলেটে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব বলেন, আজ সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালও একই তাপমাত্রা ছিল। আজ বেলা ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা জানা যাবে।
এর আগে গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তরের পাঠানো বার্তায় বলা হয়, সিলেটে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সিলেটে কোথাও বৃষ্টি হয়নি।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, গত দুই দিনে তাপমাত্রা অপরিবর্তিত আছে, যা চলতি মৌসুমে সিলেটে জেলার মধ্যে সর্বনিম্ন। তবে এই মৌসুমে এখন পর্যন্ত সিলেটে শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। আরও এক দিন পর তাপমাত্রা কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আরও কয়েক দিন শীত অনুভূত হবে। এ সময় ঘন কুয়াশা থাকবে।