
দিন দিন বেড়ে চলেছে গরুর মাংসের দাম। কয়েক দিন ধরে খুলনা নগরে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ থেকে ৭২০ টাকা দরে। আর ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা ছুঁই ছুঁই। এত দাম দিয়ে গরু ও মুরগির মাংস কিনে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য প্রায় অসম্ভব। তাঁদের কথা বিবেচনা করে কম টাকায় অল্প পরিমাণে মাছ-মাংস বিক্রি করছেন মো. ইমন হাসান নামের একজন।
ইমনের বাড়ি খুলনা নগরের পাশের হরিণটানার আশি বিঘা গ্রামে। ওই এলাকার সবাই তাঁকে চেনেন মোস্তফা নামে। দোতলা বাড়ির নিচতলায় তাঁর মুদিদোকান। আগে এই দোকান চালাতেন তাঁর বাবা আবদুর জব্বার শেখ। দোকানের নাম ‘মেসার্স জব্বার স্টোর’। ওই মুদিদোকানের এক পাশে মাছ, মাংস ও সবজি বিক্রি করেন ইমন।
সম্প্রতি ইমনের দোকানে গিয়ে দেখা যায়, ডালার ওপর সাজিয়ে রাখা ছোট ছোট টুকরো করা গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ ও পাঙাশ মাছ। গরুর মাংসের পাত্রে ৫০, ১০০ ও ১৫০ টাকার প্যাকেট করে রাখা। ব্রয়লার মুরগির মাংসের ৪০ টাকার প্যাকেট ও ২০ টাকার মাছের প্যাকেট আছে দোকানে। ক্রেতারা আসছেন, দেখছেন আর কিনে নিয়ে যাচ্ছেন।
ইমনের দোকানে ৫ টাকার তেল, ৫ টাকার ডাল, ৫ টাকার লবণ থেকে শুরু করে এই টাকায় হলুদের গুঁড়া, জিরা, তেজপাতা, শুকনা মরিচসহ প্রায় সব ধরনের মসলা পাওয়া যায়। ৫ থেকে ১০ টাকায় সবজিও পাওয়া যায়। বেশ আগে থেকে কম টাকায় সবজি, মসলা ও মাছ বিক্রি করলেও ইমন সম্প্রতি শুরু করেছেন মাংস বিক্রি। কম দামে গরু ও মুরগির মাংস বিক্রির এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
এই উদ্যোগের বিষয়ে ইমন বলেন, ‘বাজারে এক কেজি গরুর মাংসের দাম ৭০০ টাকার বেশি। মুরগির মাংসের দাম ২০০ টাকার মতো। এত দাম দিয়ে গরিব মানুষের পক্ষে মাংস খাওয়া সম্ভব নয়। আর আমাদের দেশে মাংস পরিমাণে কম বিক্রি না করায় নিম্ন আয়ের মানুষের পক্ষে একসঙ্গে অনেকগুলো টাকা দিয়ে মাংস কিনে খাওয়া সম্ভব হয় না। তাঁদের কথা ভেবে এই উদ্যোগ নেওয়া, যাতে তাঁরা অল্প টাকায় অল্প পরিমাণ মাছ-মাংস কিনে খেতে পারেন।’
ইমন বলেন, ৫ টাকার তেল ও মসলা বিক্রি শুরু করেছিলেন তাঁর বাবা আবদুর জব্বার। কয়েক বছর আগে মসলার দাম অনেক বেড়ে যাওয়ায়, তা বন্ধ করে দেন। তবে আবার ৫ টাকায় মসলা বিক্রি শুরু করেছেন। সাধারণত দিনমজুর বা খেটে খাওয়া শ্রেণির মানুষ দিন শেষে যে আয় করেন, তার মাত্র অল্প একটি অংশ খরচ করে তিনি ঘরে বাজার করে নিয়ে যেতে পারেন। কম দামে পণ্য বিক্রি করায় কিছু লাভও রয়েছে ইমনের। আগে মানুষদের কাছে বেশ বাকি বিক্রি করতে হতো। তবে এখন তা আর হয় না। দাম কম হওয়ায় মানুষ নিজের সাধ্যমতো নগদ টাকা দিয়ে বাজার করতে পারেন।
ইমনের সঙ্গে কথা বলার ফাঁকেই ১০০ টাকার পরিমাণ গরুর মাংস কিনতে আসেন লিমা বেগম। তাঁর স্বামী দিনমজুর। লিমা বলেন, বাজারে এক কেজির নিচে গরুর মাংস বিক্রি হয় না। আর ৭০০ টাকা দিয়ে এক কেজি কেনার সামর্থ্য সবার নেই। এ কারণে তাঁদের মতো মানুষের ভাগ্যে গরুর মাংস জোটে না। এই দোকানে কম দামে মাংস বিক্রি হওয়ায় তাঁরা গরুর মাংসের স্বাদ নিতে পারছেন।
কেনাকাটা করতে এসেছিলেন হাবিবুর রহমান নামের এক ব্যক্তি। নগরে ইজিবাইক চালান তিনি। চার পদের সবজি কিনেছেন ৩০ টাকায়। তিনি বলেন, ‘সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারি। আমাদের মতো কম আয়ের মানুষের জন্য দোকানটি খুবই উপকারী।’