ব্রাহ্মণবাড়িয়ায় ডিম সুন্দরী, মুখ চাহনি, হৃদয়হরণসহ বাহারি পিঠার উৎসব

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আজ শনিবার পিঠা উৎসবের আয়োজন করা হয় । এই উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে স্থাপিত একটি স্টলে বাহারি পিঠা সাজিয়ে রাখা হয়
ছবি: প্রথম আলো

বরিশালের দুধচিতই, চট্টগ্রামের পাটিসাপটা, খুলনার মুখ চাহনি, রাজশাহীর পানতোয়া, রংপুরের সন্দেশ-নেভিকুলা, ব্রাহ্মণবাড়িয়ার রসমালাইসহ বাহারি জাতের পিঠা। বিভিন্ন বিভাগ ও জেলার ঐতিহ্যবাহী ও বিভিন্ন উদ্ভিদের গঠন অনুসারে বানানো এসব পিঠা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে হাজির হন শিক্ষার্থীরা। আজ শনিবার এই কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

এই উৎসবে নানা জাতের পিঠার মাধ্যমে বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

বেলা ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ খান রফিকুল ইসলাম। পিঠা উৎসবে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ ও শিক্ষক পরিষদের সম্পাদক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ। তিন দশকের মধ্যে এটিই প্রথম বড় পরিসরে আয়োজিত পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠান।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতকের ১৭টি বিভাগের শিক্ষার্থী ১৭টি স্টল বসান। এসব স্টলে তাঁরা বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলার ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাহারি জাতের পিঠা নিয়ে হাজির হন। এসব স্টলে শতাধিক প্রকারের পিঠা শোভা পেয়েছে।

ব্রাহ্মণবাডিয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে কলেজের আঙ্গিণায় পিঠা উৎসবের আয়োজন করা হয়। কলেজের আঙ্গিনায় স্থাপিত পিঠার একটি স্টল ঘুরে দেখছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ অন্য অতিথিরা

বেলা ১১টার দিকে সরেজমিনে কলেজ প্রাঙ্গণে গিয়ে নবীন শিক্ষার্থীদের বর্ণিল সাজে উপস্থিত থাকতে দেখা গেছে। বিভিন্ন স্টলে ছিল নানা ধরনের পিঠা। উদ্ভিদবিজ্ঞানের স্টলে গিয়ে ব্যতিক্রমী কিছু পিঠা চোখে পড়ে। শিক্ষার্থীরা উদ্ভিদবিজ্ঞান স্টলে সতীন, নেভিকুলা, তক্তিসহ ৩৫ জাতের পিঠা নিয়ে হাজির হয়েছেন।

এই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফসিন ও শামীমা আক্তার বলেন, নেভিকুলা একটি শৈবালের নাম। শৈবালের গঠন অনুসারে মিষ্টি-জাতীয় নেভিকুলা পিঠা তৈরি করা হয়েছে।

এই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দিলারা খান বলেন, ‘আমরা নবীনদের বরণ করেছি। তবে তোমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। প্রতিবছরই এই কলেজ ভালো ফল করছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। তাই লক্ষ্যে পৌঁছাতে হলে পড়াশোনা করতেই হবে।’
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্টলে ছিল ৫০ ধরনের পিঠা। এই বিভাগের প্রভাষক কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা দিনটিকে উৎসবের রং দিয়েছে। তারা দেশের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পিঠা তৈরি করেছেন। আমরা আজ নবীনদের বরণ করেছি।’  

পিঠা উৎসবের আয়োজকেরা বলেন, একসময় বাংলার ঘরে ঘরে শীত এলে পিঠা বানানোর ধুম পড়ে যেত। কিন্তু এই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার এই চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

পিঠা উৎসবের স্টলগুলোতে পাপড়ি, ঝিনুক, পাকন, রেশমি, ত্রিভুজ, ঝিলমিল, ডিম সুন্দরী, হৃদয়হরণ, বেণি, চন্দ্রপুলি, চিংড়ি পিঠাও প্রদর্শন করা হয়। বেলা পৌনে একটার দিকে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।