৮ নভেম্বর রাত ১০টা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নন্দীগ্রামের গৃহবধূ আমেনা বেগম রাতের খাওয়া শেষ করে শুয়েছেন মাত্র। হঠাৎ মুঠোফোন বেজে ওঠে তাঁর। ফোন ধরার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে জিনের বাদশাহ পরিচয় দিয়ে একজন তাঁকে নামাজ ও কোরআন শরিফ পড়বার উপদেশ দিতে থাকেন। কথা বলার একপর্যায়ে ওই ব্যক্তি মসজিদে জায়নামাজ কিনে দেওয়ার কথা বলে বিকাশে ৫৫০ টাকা পাঠাতে বলেন। শেষে এ বিষয়ে কারও কাছে কিছু বলতে নিষেধ করে ফোন রেখে দেন ওই ব্যক্তি।
পরদিন সকালে ওই জিনের বাদশাহর নির্দেশ মেনে ৫৫০ টাকা বিকাশ করেন আমেনা বেগম। এর পর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত স্বামী–সন্তানের ক্ষতিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে আমেনার কাছ থেকে ১ লাখ ৬৩ হাজার টাকা হাতিয়ে নেন ওই ব্যক্তি। পরে আমেনা বেগম বুঝতে পারেন, ওই ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করছেন। বিষয়টি বুঝে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। পরিবারের পরামর্শে গত ২২ নভেম্বর তিনি ফুলবাড়ী থানায় একটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে জিনের বাদশাহ হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আলমগীর কবির (৩৮)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিরাহীম গ্রামের আবুল ইসলামের ছেলে। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতারণা শিকার আমেনা বেগম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নন্দীগ্রামের মোস্তফা কামালের স্ত্রী। আমেনা বেগমের মামলার এজাহার সূত্রে জানা যায়, সর্বশেষ ১৪ নভেম্বর আমেনা বেগমকে সন্তানের মৃত্যুর ভয় দেখান ওই জিনের বাদশাহ। ওই দিনই গয়না বিক্রি করে বিকাশে জিনের বাদশার কাছে টাকা পাঠান আমেনা বেগম। এরপর ফোন বন্ধ করে দেন জিনের বাদশা। বিষয়টি বুঝতে পেরে আমেনা বেগম তাঁর ভাই একরামুল হককে নিয়ে থানায় যান এবং একটি মামলা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বলেন, আমেনা বেগমকে তাঁর স্বামী ও সন্তানের মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে প্রতারক চক্র ১ লাখ ৬৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় আমেনা বেগম মামলা করার পর ফোনকলের সূত্র ধরে গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা বাজার থেকে জিনের বাদশাহ পরিচয় দেওয়া আলমগীর কবিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আমেনা বেগমের টাকাও উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।