
টানা বৃষ্টিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে মাটি সরিয়ে সড়কের এক পাশ দিয়ে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। আজ বৃহস্পতিবার সকালে পাহাড়ধসের ঘটনা ঘটে। আজ সকালে এ সড়কের পাশাপাশি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কেও পাহাড়ধসের ঘটনা ঘটে।
স্থানীয় ও সড়ক বিভাগ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়িমুখ এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে সড়কের ওপর বিশাল মাটির স্তূপ জমা হয়। এ কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি সরানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মাটি সরিয়ে সড়কের এক পাশ খুলে দেওয়া হয়। সেদিক দিয়ে ছোট যানবাহন চলাচল শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাটি সরানোর কাজ চলছিল।
এর আগে আজ সকাল ছয়টার দিকে কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া (৪ নম্বর ওয়ার্ড) এলাকায় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটে। এরপর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়কের এক পাশ থেকে মাটি সরিয়ে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের অতিবৃষ্টির ফলে রাতের কোনো এক সময় মতিপাড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়ে। সকাল থেকে এ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।
রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ধসের খবর পেয়ে সওজের একটি দল রাজস্থলী ও চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যেই আবার সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়িমুখ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। সেখানে আমাদের টিম কাজ করছে।’