বাংলাদেশের বিশ্বকাপ দলে তামিম ইকবালকে অন্তর্ভুক্ত করার দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘তামিমপ্রেমী সাস্টিয়ান’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী কাউছার আহমেদ সোহাগ, মো. উজ্জ্বল মিয়া ও সমাজকর্ম বিভাগের এন এম রাসেল বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা তামিম ইকবালকে দলে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ–অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।
কর্মসূচিতে বক্তারা বলেন, তামিম ইকবালের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে বিশ্বকাপ দলে না রাখায় সবাই হতবাক। বিসিবির অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তামিম ইকবালকে দলে ফেরানো উচিত। কারণ, তিনি দেশের সেরা ওপেনার। তাঁকে ছাড়া বিশ্বকাপ দল পরিপূর্ণতা পাচ্ছে না।
অনেক আলোচনা ও জল্পনাকল্পনার পর তামিমকে ছাড়াই গতকাল মঙ্গলবার বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ওপেনার মাত্র দুজন। টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচজন। অধিনায়ক সাকিবের বাইরে বিশেষজ্ঞ স্পিনার দুজন। পেসার পাঁচজন।