বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

রংপুরে সার্কিট হাউসে সাংবাদিকদর বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
ছবি: প্রথম আলো

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি। ডলারের বিপরীতে দেশে টাকার দাম কমেছে। এ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা অসচ্ছল এক কোটি পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রেখেছি। এ অবস্থার আর অবনতি হবে না।’ আজ রোববার বিকেলে রংপুরে দুই দিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিস্থিতি মোকাবিলায় খাদ্যপণ্য আমদানির কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বড় ব্যবসায়ীদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা দু-চার দিনের মধ্যে ঋণপত্র (এলসি) ওপেন করবেন। বর্তমানে আমদানি করা খাদ্যপণ্যের যে স্টক রয়েছে, তা যথেষ্ট। তবে রমজান মাসের জন্য বিশেষ আমদানির ব্যবস্থা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাও এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। এ দলে ছোটখাটো সমস্যা থাকে, অতৃপ্ততা থাকে, না পাওয়ার দুঃখ থাকে। কিন্তু দিন শেষে তারা আবার ঐক্যবদ্ধ হয়েই কাজ করে। সিটি নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে যদি সমস্যা থেকে থাকে, তাহলে সেটির দ্রুত সমাধান হয়ে যাবে। এ ছাড়া নির্বাচন কমিশন সিটি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণের কথা যদি চিন্তা করে থাকে, তবে সেটি ভালো। ইভিএম আধুনিক পদ্ধতি, সেটি বাস্তবায়ন করা দরকার।

এ সময় সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে পদোন্নতি পাওয়া রংপুরের বিদায়ী জেলা প্রশাসক (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) আসিব আহসান, সদ্য নিযুক্ত জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ প্রশাসন কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।