
জয়নাল আবেদীনের বয়স ৭৫ বছর। ঠিকমতো চোখে দেখেন না। শরীরের চামড়া ঝুলে গেছে। এ বয়সেও তিনি সাগরে মাছ ধরতে যান ভাতিজা মো. জাভেদ মাঝির ট্রলারে।
২২ দিনের (৭-২৮ অক্টোবর) মা ইলিশ প্রজনন মৌসুমে, নিষেধাজ্ঞার কারণে সব জেলে বেকার বসে থাকলেও এই বৃদ্ধকে জাল তোনার (সংস্কার) কাজ করতে হচ্ছে। জাল তুনে, মাছ ধরে তাঁর সংসার চলে। জেলে কার্ড না থাকায় তিনি সরকারি কোনো সাহায্য পান না।
এই বৃদ্ধের সঙ্গে দেখা হয় ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের কাছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর। ছড়িয়ে–ছিটিয়ে গাছের ছায়ায় বসে ছেঁড়া জাল তুনছিলেন তিনি।
নদীতে যখন জাল পাতা হয়, তখন ময়লা-আবর্জনার সঙ্গে জাল বেঁধে ছিঁড়ে যায়। জালের ছোট ছোট ফাঁকা বড় হয়ে যায়, তা দিয়ে মাছ বেরিয়ে যায়। সেই ফাঁকা সেলাই করে আগের অবস্থায় আনতে হয়। এ কাজকে বলা হয় জাল তোনা বা জাল সংস্কার। কাজটি সবাই পারে না। সুক্ষ্মহাতে এ কাজ করতে হয়।
জয়নাল আবেদীন বলেন, কাছেই বাঁধের ঢালে ঘর তুলে বসত করছেন তিনি। ঘরে তাঁর স্ত্রী মনোয়ারা বেগম আছেন। তিনিও বয়সের ভারে কষ্ট করে চলাফেরা করেন। প্রতিদিন ওষুধ খেতে হয়। ছেলেরা পৃথক হয়ে অন্যত্র বসবাস করছেন। তাঁরা খুব একটা খোঁজখবর রাখেন না মা–বাবার। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে তাঁর এক মেয়ে আছেন। টাকার অভাবে মেয়ে, নাতি-নাতনিকে একনজর দেখতে যেতে পারছেন না। আবার স্বামী-সন্তান নিয়ে এলে কী খাওয়াবেন, কী যত্ন করবেন, এই ভেবে মেয়েটাও আসছেন না।
ছোটবেলা থেকে জয়নাল মাঝি নদীতে মাছ ধরেন। তাঁর বাড়ি ছিল উপজেলার হাজিপুর ইউনিয়নের আমানিবাজার এলাকায়। সেই বাড়িতেই ১৯৭০ সালে বন্যার পর মনোয়ারা বেগমকে বিয়ে করে এনেছিলেন।
আইজ তবু জাল তোনার কাজ আছে, কাইল হেইডাও থাকপো না। হেসুম কেউ দিলে খামু, না দিলে নাই।জয়নাল আবেদীন, জেলে, দৌলতখান, ভোলা
জয়নাল মাঝি জানান, এ বছর হাতিয়া-সন্দ্বীপের কাছাকাছি সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। তাঁদের ট্রলার ছোট। তাই গভীর সাগরে যেতে পারেন না। বৃদ্ধ বয়সে এত পরিশ্রমের বিষয়ে তিনি বলেন, কাজ করেই তাঁকে সংসারে চালাতে হচ্ছে। কাজ নাই, ভাতও নাই। তাই এ বয়সেও তাঁকে নদীতে-সাগরে মাছ ধরতে যেতে হচ্ছে। বেকার সময়েও জাল তোনার কাজ করতে হচ্ছে। দিন শেষে যে টাকা পান, তা–ই দিয়ে চাল-ডাল কিনে ঘরে ফেরেন। সংসার চালানোর তাগিদে দিনভর জাল তুনছেন সত্য, কিন্তু আশানুরূপ মজুরি পাচ্ছেন না। গতকাল তাঁকে ২০০ টাকা দেওয়া হয়েছে। আজ আর দেওয়া হবে না।
জয়নাল বলেন, ‘আইজ তবু জাল তোনার কাজ আছে, কাইল হেইডাও থাকপো না। হেসুম কেউ দিলে খামু, না দিলে নাই।’
নিষেধাজ্ঞার সময় সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সরকার থেকে জেলেদের যে ২৫ কেজি করে চাল দেওয়া হয়, সেটিও পান না জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘আমার জেলে কার্ড নাই। হিয়ারলাই চাউল পাই না। এই কথা বলতে মেম্বারের কাছে গেছি। মেম্বার কইছে, চাউল থাইকলে পাইবেন।’ জেলে কার্ড না থাকার বিষয়ে তিনি বলেন, যখন কার্ড করা হয়, তখন তিনি চট্টগ্রামে গিয়েছিলেন কাজের সন্ধানে। তাই তাঁর নামে কার্ড হয়নি। পরে অবশ্য নাম দিয়েছেন, কিন্তু এখনো কার্ড হয়ে আসেনি। তবে তিনি জানান, স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম তাঁকে হিসাবের বাইরে থেকে প্রতিবছর কিছু কিছু সহায়তা দিয়ে আসছেন। এবারও হয়তো দেবেন।
ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন বলেন, ‘যাঁদের জেলে কার্ড নেই, তাঁদের জন্য কোনো চাল বরাদ্দ হয় না। তারপরও যাঁরা জয়নাল আবেদীনের মতো অসহায়, তাঁদের আমরা সাহায্য-সহযোগিতা করছি। আশা করি এ বছরও জয়নাল মাঝিকে সহায়তা দেওয়া হবে।’
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন বলেন, সম্প্রতি একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেটির স্মার্ট কার্ড এখনো হাতে আসেনি।