পুলিশের গাড়িটি শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ফরিদপুরে বাস চলাচল শুরু

আজ বুধবার সকাল ৬টা থেকে ফরিদপুর থেকে অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটের বাস চলাচল শুরু হয়েছে
ছবি: প্রথম আলো

ফরিদপুরে পুলিশের গাড়ি থেকে নেমে সাদাপোশাকধারী পুলিশ সদস্যের বিরুদ্ধে দুটি বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করার অভিযোগে গতকাল মঙ্গলবার বিকেলে জেলার সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন বাসশ্রমিকেরা। তবে পুলিশের ওই গাড়ি শনাক্তের পাশাপাশি এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে আশ্বাসের পর গতকাল রাতে বাসশ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার সকাল ৬টা থেকে ফরিদপুর থেকে অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটের বাস চলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল বেলা সোয়া তিনটার দিকে ফরিদপুরের নতুন পৌর বাসস্ট্যান্ডের সামনে মারধরের ঘটনা ঘটে।

বাসশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা ৩টা ৫ মিনিটের দিকে টেকেরহাট ও বোয়ালমারী থেকে ফরিদপুরে আসা দুটি বাস টার্মিনালে ঢুকছিল। এ সময় দুই বাস ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইকের কারণে সড়কে যানজট সৃষ্টি হয়। এদিকে পুলিশের একটি পিকআপ ভ্যান একই সময় ওই এলাকা অতিক্রম করছিল। যানজট সৃষ্টি হওয়ায় পুলিশের ওই গাড়ি থেকে সাদাপোশাকের তিন পুলিশ সদস্য সড়কে নেমে দুই বাসের চালক ও এক সুপারভাইজারকে মারধর করেন। পরে এ ঘটনার প্রতিবাদে বিকেলে ফরিদপুর থেকে সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন বাসশ্রমিকেরা।

রাত ১০টার দিকে ফরিদপুর বাসমালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনায় বসেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ও ফরিদপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর। আলোচনার সময় পুলিশ কর্মকর্তারা বাসমালিক ও শ্রমিকনেতাদের বলেন, গাড়িটি পুলিশের হলেও জেলা পুলিশের কোনো গাড়ি নয়। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ সুপার মো. শাহজাহান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। যেভাবেই হোক গাড়িটি শনাক্ত করা হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর ও জনগণের দুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহারের করে নেন ফরিদপুর বাসমালিক ও শ্রমিকনেতারা।

মারধরের ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা সড়কে নেমে হামলাকারীদের শাস্তির দাবি জানান। গতকাল মঙ্গলবার বিকেলে নতুন বাসস্ট্যান্ডের সামনের সড়কে

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম নাসির বলেন, ‘পুলিশের এ আশ্বাসে আমরা সন্তুষ্ট হয়েছি। আমরাও জানতে পেরেছি, গাড়িটি জেলা পুলিশের নয়। গাড়িটি শনাক্ত করার জন্য পুলিশ যে আন্তরিকতা দেখিয়েছে, এর প্রতি শ্রদ্ধা রেখে আজ সকাল ছয়টা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।’

ফরিদপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর বলেন, জেলা পুলিশের জন্য এ ঘটনা অনভিপ্রেত। জেলা পুলিশের সঙ্গে এর আগে বাসশ্রমিকদের এ–জাতীয় কোনো ঘটনা ঘটেনি। পুলিশের ওই গাড়ির পেছনে ‘পুলিশ’ লেখা রয়েছে, কিন্তু ডানে-বাঁয়ে কোথাও কোনো জেলার নাম লেখা নেই। গাড়িটি রেজিস্ট্রেশনবিহীন ও কোনো নম্বরপ্লেট নেই। এমন হতে পারে, অন্য জেলার কোনো পুলিশ কর্মকর্তা কিংবা তাঁর কোনো আত্মীয়স্বজন গাড়িটি নিয়ে ফরিদপুরের পথ ধরে যাচ্ছিলেন। ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যেকোনো উপায়ে গাড়িটি শনাক্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।