চট্টগ্রাম নগরের জয় পাহাড় আবাসিক এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পরিবেশ অধিদপ্তরের দল। গতকাল সকালে
চট্টগ্রাম নগরের জয় পাহাড় আবাসিক এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পরিবেশ অধিদপ্তরের দল। গতকাল সকালে

চট্টগ্রামে পাহাড় কাটায় বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম নগর কার্যালয়। সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ার পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের নগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, জয় পাহাড় আবাসিক এলাকায় নিয়মবহির্ভূতভাবে পাহাড় কাটা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও শুনানি শেষে ক্ষতিপূরণ ধার্য করা হয়।

অধিদপ্তরের শুনানিতে বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নিম্নমান সহকারী মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। শুনানিতে জুবায়ের হাসান দাবি করেন, সুরক্ষা দেয়াল (রিটেইনিং ওয়াল) নির্মাণের জন্য কিছু মাটি কাটা হয়েছিল, পাহাড় কাটা হয়নি। জরিমানার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, কোতোয়ালি থানার জয়পাহাড় মৌজায় বিএস খতিয়ান নম্বর ৯৭ এবং দাগ নম্বর ৩৮৪-এর ‘খিলা’ শ্রেণির জমিতে কাটাকাটি করা হয়েছে। যে পরিমাণ জমি কাটা হয়েছে এর দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮ ফুট ও উচ্চতা ৮ ফুট। মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি অপসারণের হিসাব পাওয়া গেছে। পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী, প্রতি ঘনফুট ১০০ টাকা হারে ক্ষতিপূরণ নির্ধারণ করে মোট ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোক্তাদির হাসান প্রথম আলোকে বলেন, খতিয়ানে ওই জমির শ্রেণি ‘খিলা’ লেখা হলেও এটি বাস্তবে পাহাড়। সরেজমিনে পরিদর্শনে গিয়ে এর সত্যতা মিলেছে।