দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ‘চাপমুক্ত’ আছেন আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী। এই আসনে তিনিসহ মোট তিনজন প্রার্থী। নির্বাচন নিরপেক্ষ হবে কি না, এমন সন্দেহ প্রকাশ করে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এখনো মাঠে থাকলেও জোরালো কোনো প্রচারে নেই স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বলছেন, এই আসনে নৌকার জয় প্রায় নিশ্চিত, অপেক্ষা শুধু ভোটের দিনের।
খালিদ মাহমুদ চৌধুরী তিনবারের সংসদ সদস্য। চতুর্থবারের মতো আওয়ামী লীগের প্রার্থী। তিনি বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ার চৌধুরীর পেশা ব্যবসা।
গতকাল বুধবার সকাল থেকে নির্বাচনী এলাকার দুই উপজেলার কয়েকটি জায়গা ঘুরে ২০ জন ভোটারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। ভোটাররা বলছেন, এই আসনে নৌকার সঙ্গে কারও কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। ভোটে বিএনপি নেই, লাঙ্গলও সরে দাঁড়াল। অপর একজন প্রার্থী হয়েছেন ঠিকই, তবে নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখছেন না তাঁরা। তবে ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন কি না, এই আশঙ্কা তাঁদের। বিরল উপজেলার বানিয়াপাড়া এলাকায় আলাপচারিতায় একজন বলেন, ‘ভোটে তো নৌকা জিতে গেছে, এখন নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে, সভা-সমাবেশ করে ভোটারদের ভোটকেন্দ্রে আনার চেষ্টায় ব্যস্ত রয়েছেন।’
গতকাল নির্বাচনী এলাকা ঘুরে নৌকার ব্যানার ফেস্টুনের আধিক্য যায়। তবে কিছু জায়গায় ঈগল প্রতীকের পোস্টার চোখে পড়ে। বিরল পৌর শহরে তিনটি ইজিবাইকে মাইকে গানের সুরে নৌকার প্রচার শোনা গেলেও ঈগলের কোনো মাইকিং শোনা যায়নি। যদিও ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ার চৌধুরী জীবনের দাবি, নৌকার চেয়ে প্রচারে তিনিই এগিয়ে আছেন।
বেলা একটায় বিরল বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে দেড় থেকে দুই শতাধিক নেতা-কর্মীদের ভিড় দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন কর্মী জানান, ভান্ডারা ইউনিয়নের বেতুরা বাজারে যাচ্ছেন। সেখানে পথসভা শেষ করে ধুকুড়ঝাড়ী এলাকায় পথসভায় যোগ দেবেন তাঁরা। তিনি বলেন, ‘মূলত ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্যই আমরা মাঠে কাজ করছি। ভোটের দিন ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে ভোটারদের কেন্দ্রে আনা নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। দলীয় সমর্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বাররা এই দায়িত্ব পালন করবেন।’
বিরলের গিরিধরপুর এলাকার এক ভোটার বলেন, ‘এইটা কুনহ ভোট হইল? নৌকা বাদে আর কুনহ প্রার্থীক দেখাই যায় না। ভোটও চাহিবা আসে না। কায় ভোটা দিবার যাবে, ভোট দিলে কী, না দিলে কী?’ জানালেন, দুই দিন আগে আওয়ামী লীগের এক নেতা গ্রামে বলে গেছেন, ভোট দিতে না গেলে গ্রামের কোনো বিচার–সালিসে মেম্বার-চেয়ারম্যানদের পাবেন না তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন দুই উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
যদিও ভোটারদের ওপরে প্রভাব খাটানোর বিষয় সঠিক নয়, এমন মন্তব্য করছেন খালিদ মাহমুদ চৌধুরীর অনুসারী ও বিরল উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘নৌকার প্রার্থী বিগত দিনে যে উন্নয়ন করেছেন, সেসব বিবেচনায় মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে ভোটকেন্দ্রে আসবেন। আমরা তাঁদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। উন্নয়নের স্বার্থে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন। ৬০-৬৫ শতাংশ ভোট পড়বে বলে আমরা ধারণা করছি।’
তবে ভোটাররা ঠিকভাবে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা করছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী। তিনি বলেন, ‘মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। তাঁরা কথা দিচ্ছেন ভোট দিতে আসবেন। কিন্তু ভোট দিতে পারবেন কি না, সে বিষয়ে আমি সন্দিহান।’