মামলা
মামলা

নারায়ণগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় স্বামীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীর নাম সাজেদা আক্তার (২৬)। তিনি একই উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে ও শাকিল আলমের স্ত্রী।

পুলিশ জানায়, সাজেদা আক্তারের বিরুদ্ধে তাঁর স্বামী শাকিল আলম ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে নালিশি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকা থেকে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার বিবাদী সাজেদা আক্তারকে গ্রেপ্তার করেছে। তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।