নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে তরুণকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকার বাসিন্দারা। আজ সন্ধ্যায় তোলা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে তরুণকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকার বাসিন্দারা। আজ সন্ধ্যায় তোলা

নোয়াখালী

তরুণের হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তরুণকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন এলাকার বাসিন্দারা। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফেনী-নোয়াখালী মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজারে এ সড়ক অবরোধ করা হয়। এ সময় সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েন।

 গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে চৌমুহনী শহরের কাছারিবাড়ির মসজিদ এলাকার উপজেলা ভূমি কার্যালয়ের সামনের সড়কে আবদুর রহমান ওরফে হৃদয় (২৪) নামের ওই তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত আবদুর রহমানের বাবা মো. সেলিম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় মো. বাবুকে (৩২) একমাত্র আসামি করা হয়েছে। আর কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে পুলিশ মামলায় অভিযুক্ত বাবুকে আজ সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুর রহমানের হত্যাকারী বাবুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চৌমুহনী পূর্ব বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়কে অবস্থান নেন। বাসিন্দারা এ সময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাঁরা এ সময় খুনির গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বেগমগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে খুনিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সন্ধ্যা সাতটার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান প্রথম আলোকে বলেন, তরুণ আবদুর রহমান খুন হওয়ার ঘটনায় স্বজনসহ এলাকার বাসিন্দারা খুনির গ্রেপ্তারের দাবিতে সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিলেন। খবর পেয়ে তিনি গিয়ে উপস্থিত লোকজনকে বুঝিয়ে শান্ত করেন। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, হত্যার ঘটনায় অভিযুক্ত বাবুকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

নিহতের ছোট ভাই মো. রিফাত প্রথম আলোকে বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাঁর ভাই আবদুর রহমানের বন্ধু মো. হোসেনকে গত শনিবার রাতে বাড়ির ছাদে নিয়ে মারধর করেন বাবু। মারধরের খবর পেয়ে তাঁর ভাই দুই বন্ধুসহ বাবুদের বাড়ির দিকে যাওয়ার পথে বাবু তাদের পথ রোধ করেন। এরপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর ভাইকে হত্যা করেন।