ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাস ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাস ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে

ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী হত্যা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস ভাঙচুর

গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় বাসচালকের সহকারীর ধাক্কায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহত শিক্ষার্থীর সহপাঠী ও এলাকার লোকজন।

এ সময় বিক্ষোভকারীরা তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ভাঙচুর করেন। অবরোধে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিচারের আশ্বাস পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা মহাসড়ক ছেড়ে দিলেও যানজটের প্রভাব রয়ে গেছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বাসচালকের সহকারীর ধাক্কায় সড়কে পড়ে সিয়াম (১৯) নামের এক কলেজছাত্র নিহত হন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহত শিক্ষার্থীর সহপাঠী ও এলাকার লোকজন বিক্ষোভ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদে চলাচলের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও এলাকাবাসীকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।