
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে শিশু ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির মা এ অভিযোগ করেন। আজ বুধবার সকালে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম জাকির হোসেন (৫)। সে শালন্দার স্কুলপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও জাকিয়া খাতুন দম্পতির ছেলে।
জাকিয়া খাতুনের অভিযোগ, ‘সকালে রান্না করতে দেরি হওয়ায় আমাকে মারধর করতে থাকে স্বামী। ছেলে জাকির আমার কাছে ছুটে এলে ওই লাঠির আঘাতে ছেলে মারা যায়।’
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, আজ সকালে স্বামী-স্ত্রীর বিবাদ চলছিল। একপর্যায়ে দেলোয়ার হোসেন তাঁর স্ত্রী জাকিয়া খাতুনকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এ সময় শিশুসন্তান জাকির হোসেন মায়ের কাছে ছুটে যায়। হঠাৎ বাবার লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পরপরই শিশুটির বাবা পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।