উদ্যোক্তা হওয়ার গল্প–৬

কাঠমিস্ত্রি থেকে পশুপাখির সেবক

গরুকে টিকা দিচ্ছেন সিলেট সিটি করপোরেশনের উত্তর বালুচর জোনাকি এলাকার মো. মুজিবুল ইসলাম।
 ছবি: প্রথম আলো

অভাবের সংসার। নির্বিঘ্নে পড়াশোনা করা সম্ভব হচ্ছিল না, দায়ে পড়েই শৈশবে কাঠমিস্ত্রির দোকানে কাজ শুরু করেন। দিনে কাজ, রাতে পড়া—এভাবে নবম শ্রেণি পর্যন্ত চালিয়ে যেতে পেরেছিলেন। পরে আর এগোয়নি। তত দিনে কাঠমিস্ত্রি হিসেবে মোটামুটি নামডাকও হয়ে গেছে তাঁর। তাই পুরোদস্তুর কাঠমিস্ত্রি হিসেবেই তাঁর পেশাগত জীবনে প্রবেশ ঘটে। একসময় সংসার পাতেন, ব্যয় বাড়ে পরিবারের। কিন্তু সংসার চালাতে গিয়ে বারবার আর্থিক দুরবস্থায় পড়তে হয়। এভাবেই সময় গড়াতে থাকে মো. মুজিবুল ইসলামের (৪৬)।

আয়–ব্যয়ে যখন হিমশিম খাচ্ছিলেন, তখনই মুজিবুল সিদ্ধান্ত নেন বিকল্প কোনো পেশায় ঢুকবেন। দিনরাত ভাবতে থাকেন। একসময় গরু পালন শুরু করেন। শুরুতে দেখলেন, প্রায়ই গরুগুলো অসুস্থ হয়ে পড়ছে। এতে বেশ দুরবস্থাতেই পড়েন তিনি। তখনই মুজিবুল সিদ্ধান্ত নেন, পশুপাখির টিকা প্রদানকারীর কাজ শিখবেন।

সিদ্ধান্ত অনুযায়ী যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে টিকা প্রদানকারী হিসেবে কাজ শুরু করেন মুজিবুল। সময়টা ২০১৩ সাল। এরপর এ পেশাকে আরও ব্যবসামুখী করতে ২০২১ সালে উদ্যোক্তা প্রকল্পে যুক্ত হন এবং প্যারাভেট হিসেবে ব্যবসা ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ নেন।

বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি শেভরনের পৃষ্ঠপোষকতায় এ প্রশিক্ষণ দেওয়ার যাবতীয় কাজ করে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ (আইডিই) নামের একটি বেসরকারি সংস্থা। এরপরই বদলে যেতে থাকে মুজিবুলের জীবন। অভাবের সংসারে আসে সচ্ছলতা। এভাবেই সুদিন ফেরে মুজিবুলের জীবনে।

সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের উত্তর বালুচর জোনাকি গ্রামে মো. মুজিবুল ইসলামের বাড়ি। তবে সিলেট সিটি করপোরেশন বর্ধিত হওয়ার পর গ্রামটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডে যুক্ত হয়েছে। স্ত্রী, দুই ছেলেসহ ১৩ সদস্যের যৌথ পরিবার তাঁর। মুজিবুল জানান, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতরসহ পশুপাখিকে তিনি নানা রোগের টিকা দিয়ে থাকেন।

মুজিবুল ইসলাম জানান, প্রাণীদের টিকা দিয়ে পশুপাখির মালিকদের কাছ থেকে দৈনিক তাঁর ৭০০ থেকে ৮০০ টাকা আয় হয়। যদি কোনো ব্যক্তি দরিদ্র হন, তবে তাঁর গবাদিপশুকে তিনি বিনা মূল্যেই টিকা দিয়ে থাকেন।

উত্তর বালুচর জোনাকি এলাকার বাসিন্দা রীনা গোমেজ (৩৭) বলেন, এখানকার বাসিন্দাদের কাছে মুজিবুলই পশুপাখিদের টিকা দেওয়ার জন্য একমাত্র ভরসা। এ ছাড়া গবাদিপশু কীভাবে লালনপালন ও যত্ন করতে হবে, এর সুপরামর্শ তিনি নিয়মিত সবাইকে দেন।