
মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম মো. জাফর (২৭)। আজ সোমবার বেলা দেড়টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। জাফর রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামের হোসেন আলীর ছেলে। নিহত মায়ের নাম শেফালি বেগম।
রায়ের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, আদালত আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় আসামি হাজির ছিলেন। রায়ের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জাফর বেকার ছিলেন। তিনি মাদক সেবন করতেন। মাদকের জন্য বিভিন্ন সময়ে জাফর তাঁর মায়ের কাছ থেকে টাকা নিতেন। ২০২০ সালের ২৮ আগস্ট নিজেদের বসতঘরে জাফর মাদক সেবনের জন্য তাঁর মা শেফালি বেগমের কাছে ১০ টাকা চান। কিন্তু টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে জাফর ধারালো দা দিয়ে তাঁর মাকে কোপালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ছেলেকে একমাত্র আসামি করে রায়পুর থানায় মামলা করেন জাফরের বাবা হোসেন আলী। ঘটনার পরদিন আসামি জাফরকে একই এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত আইনজীবী হাবিবুর রহমানকে তার পক্ষে কাজ করার নির্দেশ দেন। হাবিবুর রহমান বলেন, জাফর মাদক সেবনের কারণে উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন। গভীর রাতে বাড়ি ফিরতেন। এসব করতে বারণ করায় মায়ের ওপর ক্ষিপ্ত ছিলেন। ঘটনার দিন নেশা করার জন্য টাকা না পেয়ে মাকে হত্যা করেন জাফর। মাদক সেবনের কারণে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে মাকে হত্যা করেন। সুস্থ থাকলে মাকে হত্যা করতেন না জাফর। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।