
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবদুর রহিম (৩০) নামের এক শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামে এ ঘটনা ঘটে।
আবদুর রহিম পাঁচকাতুলী গ্রামের খোকা মিয়ার ছেলে। হামলার পর আশঙ্কাজনক অবস্থায় আবদুর রহিমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুর রহিম রাজমিস্ত্রির জোগালি ও দিনমজুরি করে সংসার চালাতেন। তাঁর সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী রাজ্জাক, মাসুদসহ কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল। গতকাল রাতে পূর্ববিরোধের জেরে তাঁদের সঙ্গে আবদুর রহিমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুর রহিমের গলা কেটে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষ। রাত নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জমি ও আধিপত্য বিস্তার নিয়ে আবদুর রহিমের সঙ্গে মাসুদ-রাজ্জাকসহ প্রতিপক্ষের বিরোধ ছিল। ওই বিরোধের জেরে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন রহিমকে গলা কেটে হত্যার চেষ্টা চালান। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিরাজুল ইসলাম আরও বলেন, রহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।