
নাটোরে সহপাঠীর সহযোগিতায় নেশাজাতীয় পানীয় পান করিয়ে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করার দায়ে ৪ জনকে ১০ বছর আটকাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় অভিযুক্ত চারজন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। শিশু আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ১০ বছর করে আটকাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের অভিভাবকেরা কান্নায় ভেঙে পড়েন। পরে দণ্ড পাওয়া তরুণদের পুলিশি পাহারায় সংশোধনাগারে পাঠানো হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের দায়িত্বপ্রাপ্ত বেঞ্চ সহকারী আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, মামলার অপরাধ সংঘটনের সময় (২০১৭ সালের ১২ জুলাই) অভিযুক্ত তরুণেরা অপ্রাপ্তবয়স্ক ছিলেন। এ জন্য শিশু আইনে তাঁদের বিচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁরা সবাই প্রাপ্তবয়স্ক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা সেনাবাহিনীতে চাকরি করায় তাঁরা নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন। ওই এলাকার একটি কলেজে পড়তেন ওই ছাত্রী। ২০১৭ সালের ১২ জুলাই দুপুরে এক সহপাঠী বান্ধবী ওই ছাত্রীকে নেশাজাতীয় পানীয় পান করান। তিনি অচেতন হলে তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রসহ তিন তরুণ তাঁকে (ভুক্তভোগী) দলবদ্ধ ধর্ষণ করে। ওই সহপাঠী বান্ধবী সেই ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন। জ্ঞান ফেরার পর ওই ছাত্রীকে অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় চারজনকে অভিযুক্ত করে ধর্ষণের মামলা করেন। তদন্ত শেষে থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার চৌধুরী অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দেন। বাদী ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিলে আদালত পুলিশের প্রতিবেদন অগ্রাহ্য করে অভিযোগ আমলে নেন।
বাদীর ব্যক্তিগত আইনজীবী মুক্তার হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশের ত্রুটিপূর্ণ প্রতিবেদনের কারণে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছিলেন। নারাজি আবেদনের পর প্রকৃত ঘটনাটি আদালতের নজরে আনা হয়। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেয়েছেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (এসপিপি) আনিছুর রহমান বলেন, শিশু আইনে দলবদ্ধ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের আটকাদেশ। আদালত সর্বোচ্চ সাজা দেওয়ায় বাদী সন্তুষ্ট। তবে আসামি পক্ষের আইনজীবী লোকমান হোসেন বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।