
কক্সবাজারের পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করে নুরুন নাহার (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নুরুন নাহার উত্তর গোঁয়াখালী এলাকার আমিনুল হকের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, আজ সোমবার সকালে নুরুন নাহার ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার একটি ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তাঁকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চট্টগ্রামে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নুরুন নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদ্য সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, ‘নুরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বয়সজনিত কারণে অনেক সময় ভালো-মন্দ বিষয় বুঝতে পারতেন না। আজ সকালে ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট সেবন করেন তিনি।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ নুরুন নাহারের বাড়িতে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।