মাদক সেবনের আসরে স্থানীয়দের হাতে আটক পুলিশ কনস্টেবল মেহেদী হাসান
মাদক সেবনের আসরে স্থানীয়দের হাতে আটক পুলিশ কনস্টেবল মেহেদী হাসান

ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবার মাদকের আসরে স্থানীয়দের হাতে আটক

মাদক সেবনের অভিযোগ ওঠার পর ডোপ টেস্ট করা হয়েছিল পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের। ফল পজিটিভ এলে চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত হয়। একই সঙ্গে সংযুক্ত করা হয় জেলা পুলিশ লাইনসে। এবার তাঁকে মাদক সেবনের আসর থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী শহরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে মেহেদীকে দেখতে পেয়ে আটকে রাখে স্থানীয় লোকজন। পরে বোয়ালিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল গিয়ে তাঁকে হেফাজতে নেয়। ওই বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী শহরের ভদ্রা এলাকায় থাকেন। কয়েক মাস আগে তিনি রাজশাহী জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় মেহেদীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। পরে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁকে রাজশাহী জেলা পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়, যার তদন্ত এখনো চলছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, মেহেদী যে ঘরে ছিলেন, সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। এ কারণে সরাসরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, বিভাগীয় পুলিশ হাসপাতালে মেহেদীর ডোপ টেস্ট করা হয়েছে। ফল নেগেটিভ এসেছে। এ বিষয়ে প্রতিবেদন দিয়ে তাঁকে জেলা পুলিশ লাইনসে পাঠানো হচ্ছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ডোপ টেস্টে ফল পজিটিভ আসায় মেহেদীকে কয়েক মাস আগে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল। নতুন করে মাদক সেবনের আসর থেকে তাঁকে আটকের বিষয়টি তিনি শুনেছেন।