সেন্ট মার্টিনে ঢেউয়ের আঘাতে ১৩ ট্রলার ক্ষতিগ্রস্ত, দ্বীপে আটকা ৭০ পর্যটক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। আজ সোমবার সকালে সেন্ট মার্টিন উপকূলে ঢেউয়ের আঘাতে উল্টে গেছে ১৩টি ট্রলার
ছবি: প্রথম আলো

বঙ্গোপসাগরের ঢেউয়ের তোড়ে দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিনের উপকূলে ১৩টি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১টি সার্ভিস ট্রলার ও ১২টি মাছ ধরার ট্রলার। তবে এতে কেউ হতাহত হয়নি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সোমবার ভোর পাঁচটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। তিনি বলেন, এর মধ্যে সাতটি ট্রলার সম্পূর্ণ ও ছয়টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দমকা হাওয়ায় কিছু ঘরবাড়ি ভেঙে গেছে। বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।

মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এতে উচ্চ জোয়ারের কারণে সাগরের পানি স্বাভাবিকের চেয়ে দু–তিন ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গতকাল রোববার রাত থেকে সেন্ট মার্টিন দ্বীপে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও হালকা-মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বইছে। সমুদ্রবন্দরে ৬ নম্বর সতর্কসংকেত দেখাতে বলায় মাছ ধরার ট্রলারগুলো উপকূলে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।

দ্বীপে আটকা ৭০ পর্যটক

সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে এসে ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ৭০ জন পর্যটক আটকা পড়েছেন। কক্সবাজারগামী পর্যটকবাহী জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেসে করে মূল ভূখণ্ডে ফিরতে না পারায় তাঁরা সেন্ট মার্টিনের বিভিন্ন কটেজ ও রিসোর্টে অবস্থান করছেন।

ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ৫০ থেকে ৭০ জন পর্যটক সেন্ট মার্টিনে অবস্থান করছেন। তাঁরা যেন উত্তাল সাগরে গোসল করতে না নামেন, এ জন্য স্থানীয় স্বেচ্ছাসেবক ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রেখেছেন। পর্যটকদের খোঁজখবর রাখা হচ্ছে। পাশাপাশি সিপিপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকের মাধ্যমে দ্বীপে মাইকিং করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, দ্বীপের দুটি আশ্রয়কেন্দ্রে ও বহুতল ভবন সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। পাশাপাশি এলাকাবাসীকে দুর্যোগের সতর্কসংকেত মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে। দুর্যোগের সময়ের জন্য পর্যাপ্ত পরিমাণের শুকনা খাবার মজুত রাখা হয়েছে। আটকে পড়া পর্যটকদের চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে।