খুলনায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ২

খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মেছাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুরের বেবি বেগম (৫০)। অন্যজন পুরুষ। তাঁর পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর।

ডুমুরিয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার শরীফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ২১ জনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, আজ বেলা ১১টার দিকে ডুমুরিয়ার মেছাঘোনায় সাতক্ষীরাগামী বাস ও খুলনাগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি উল্টে পাশের খাদে গিয়ে পড়ে। এতে দুজন বাসযাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ সুফিয়ান রুস্তম বলেন, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ১২ জনকে আনা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনকে এখানে ভর্তি করা হয়েছে।

দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।