
জামালপুরের ইসলামপুর থানার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে সাত শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ইসলামপুর থানা চত্বরে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হলেন মো. আমিনুল (৪২), শফিকুর রহমান (৪৮), মো. সাইফুল (৪৩), বিপ্লব মিয়া (৪৫), লাল চাঁন (৩৮), বাবুল মিয়া (৩৯) ও মোহাম্মদ মনির (৪৪)। তাঁদের মধ্যে আমিনুল, শফিকুর, সাইফুল ও বিপ্লবকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। আহত শ্রমিকেরা মেলান্দহ উপজেলার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর থানার নতুন ভবনের নির্মাণকাজ চলছিল। আজ ভবনের প্রথম তলার মূল ছাদের সামনে গাড়ি রাখার স্থানে ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। একপর্যায়ে নির্মাণাধীন ছাদটি ধসে পড়লে সাতজন শ্রমিক চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ধসে পড়া ছাদের নিচ থেকে শ্রমিকদের আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাঁদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্যে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, ভবনটির একটি ছাদের পুরো অংশই ধসে পড়েছিল। উদ্ধার অভিযান শেষে সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা তদন্তের পর বলা যাবে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী প্রথম আলোকে বলেন, এটি থানার মূল ভবনের ছাদ নয়। ভবনের সামনে যে অংশে গাড়ি থামে, আজ সেই অংশের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ঢালাই করার সময় ওই অংশটি ধসে পড়ে সাতজন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।