কক্সবাজারে গুলিতে নিহত খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী
কক্সবাজারে গুলিতে নিহত খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী

কাউন্সিলর রব্বানী হত্যা

আদালতে তিন আসামির জবানবন্দি

কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী হত্যা মামলার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় কক্সবাজার আদালতে উপস্থাপন করা হলে গ্রেপ্তার তিনজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত সোমবার রাতে মৌলভীবাজার থেকে কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গতকাল বুধবার সন্ধ্যায় তাঁদের আদালতে তোলা হয়। গ্রেপ্তার তিনজন হলেন খুলনার দেওয়ান মোল্লাপাড়ার মো. সেলিম আকন্দের মেয়ে ঋতু (২৪), একই এলাকার জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু (২৭) ও মধ্য কারিগরপাড়ার মো. হায়দার সরদার অদুদের ছেলে গোলাম রসুল (২৫)।

গতকাল কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, চাচা শহীদুলের হত্যার প্রতিশোধ নিতে শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীকে হত্যা করেছেন। অন্য দুই আসামি ঋতু ও গোলাম রসুলও হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন। হত্যার জন্য আসামিরা কক্সবাজারকে ‘সুইটেবল প্লেস’ হিসেবে বেছে নেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ঋতু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে, শাহরিয়ার ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদের আদালতে এবং গোলাম রসুল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া জবানবন্দি শেষ হয় রাত নয়টায়।

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি বলেন, তিনটি পৃথক আদালতে গ্রেপ্তার তিনজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি প্রদান শেষ হলে রাত ১০টার দিকে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার (৯জানুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে তৈরি করা কাঠের সেতুর মাথায় গুলি করে হত্যা করা হয় রব্বানীকে। তাঁর বাড়ি খুলনা সিটির দৌলতপুরে। তিনি খুলনা সিটির ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। গত ২৬ সেপ্টেম্বর দেশের ১২টি সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে তাঁকেও অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।