বাংলাবান্ধা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কলমবিরতি প্রত্যাহার, কার্যক্রম স্বাভাবিক

বাংলাবান্ধা স্থলবন্দর
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাড়ানো ৫ শতাংশ ট্যারিফের পাওনা টাকার দাবিতে চলা কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার রাতে লোড-আনলোড বিল পুনর্নির্ধারণের বিষয়ে একটি চিঠি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে দেয় বন্দরের শ্রমিক নিয়ন্ত্রণ ইজারাদারি প্রতিষ্ঠান আফতাহী ট্রেড ইন্টারন্যাশনাল (এটিআই)। এরপর কলমবিরতি কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

কর্মসূচি প্রত্যাহার করায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর আগে গত বুধবার সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য কলমবিরতির ডাক দেয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত ও ভুটান থেকে আসা গাড়ির পণ্য খালাস না হওয়ায় কিছুটা যানজট ও অচলাবস্থার সৃষ্টি হয়। এতে গতকাল সারা দিন বন্দরে কোনো আমদানি পণ্য থেকে রাজস্ব আদায় হয়নি। তবে আমদানি করা কাঁচামাল (আদা, পেঁয়াজ ও ফলজাতীয় পণ্য) ও রপ্তানি পণ্য এ কর্মসূচির আওতামুক্ত ছিল।

বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, এর আগে স্থলবন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক নিয়ন্ত্রণ ইজারাদার প্রতিষ্ঠানের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও তাঁরা ট্যারিফ শিডিউল অনুযায়ী লোডিংয়ে ৫ শতাংশ হারে যা পাওয়ার কথা, সেটা তাঁরা সঠিকভাবে পাচ্ছিলেন না। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের আনুপাতিক হারে বর্ধিত ৫ শতাংশ টাকার ন্যায্য পাওনা আদায়ের দাবিতে কলমবিরতির ডাক দেওয়া হয়েছিল। গতকাল দিনভর এ কর্মসূচি চলে। তবে গতকাল রাতেই শ্রমিক নিয়ন্ত্রণ ইজারাদার প্রতিষ্ঠান আফতাহী ট্রেড ইন্টারন্যাশনাল (এটিআই) লোড-আনলোড বিল পুনর্নির্ধারণের বিষয়ে একটি চিঠি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে দেয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৫ শতাংশ ট্যারিফ বৃদ্ধির ফলে লোড-আনলোড বিল ২ টাকা ৯৫ পয়সা হারে নির্ধারণ করা হয়েছে। এ অবস্থায় ২০২৩ সাল থেকে আনলোডিং বাবদ শ্রমিকেরা প্রতি মেট্রিকটন ৩৭ টাকা হারে এবং লোডিং বাবদ আমদানিকারকদের ২৭ টাকা ৯০ পয়সা হারে প্রদান করা হবে।

তবে জাহাঙ্গীর আলম বলেন, ‘এটিআইয়ের চিঠি অনুযায়ী আমাদের পাওনা পুরোপুরি আনুপাতিক হারে হয়নি। তারপরও বন্দরের স্বার্থে ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা তাঁদের কথা মেনে নিয়ে কলমবিরতি প্রত্যাহার করেছি। আজ সকাল থেকেই বন্দরের কার্যক্রম পুরোদমে চলছে।’