
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয় লাভ করেছেন। সহসাধারণ সম্পাদক, দুজন নিরীক্ষকসহ আটটি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।
গতকাল মঙ্গলবার এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর আজ বুধবার সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থী মো. মেজবাউল হক ২৭৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন ২৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী প্যানেলের এ এফ এম নূরতাজ আলম ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. লুৎফর রহমান পেয়েছেন ২৫০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মতিয়র রহমান পেয়েছেন ৩৩টি ভোট।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন—সহসভাপতি পদে হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ শরীফুল হক, পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ সেলিম হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ কে এম সেজান বখ্ত, কার্যনির্বাহী সদস্য পদে মো. আবদুল জলিল ও মো. সোলায়মান কবির।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন—সহসাধারণ সম্পাদক পদে মো. শহিদুল্লাহ, ক্রীড়া সম্পাদক পদে মো. হাসান সাঈদ, নিরীক্ষক পদে মো. মাহ্ফুজুর রহমান ও মোহাম্মদ গোলাম মোস্তফা, কার্যনির্বাহী সদস্য পদে মো. এহসান খান, জেসমিন রহমান ও মো. শরিফুল ইসলাম।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ আইনজীবী মেহের উদ্দিন। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে আইনজীবী আবদুর রাজ্জাক ও আইনজীবী মো. আসাদুজ্জামান দায়িত্ব পালন করেন।
মেহের উদ্দিন বলেন, গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ৫৮৬ জন ভোটারের মধ্যে ৫৫৬ জন ভোট দিয়েছেন।