লাশ
লাশ

নদীতে জাল পাতার সময় ভেসে যান জেলে, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে মেঘনার শাখানদীতে জাল পাতার সময় স্রোতের টানে ভেসে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার হয়।

নিহত জেলের নাম মোহাম্মদ মিলন (৫২)। তিনি নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের আবদুল বারেকের ছেলে। গতকাল দুপুরে নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে অন্য জেলেদের সঙ্গে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খেয়াসংলগ্ন মেঘনার শাখানদীর পাড়ে জাল পাততে যান মিলন। জাল পাতার এক পর্যায়ে নদীর জোয়ারের তীব্র স্রোতের মুখে পড়ে ভেসে যান তিনি। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা জেলেরা চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে সন্ধ্যার দিকে তাঁর লাশ নদীতে ভেসে ওঠে।

লাশ উদ্ধারের বিষয়টি হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।