ফেনী জেলার মানচিত্র
ফেনী জেলার মানচিত্র

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, লাশ হয়ে বাড়ি ফিরলেন মাদ্রাসাশিক্ষক

ফেনীর ফুলগাজীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃত্যু হয়েছে। তাঁর নাম জাহানারা আক্তার (৩৪)। গতকাল বুধবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলা সদর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মঞ্জুরুল আলম (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষক।

জাহানারা আক্তার পরশুরাম উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ছেলে আলিফ উদ্দিনকে (১২) নিয়ে ফুলগাজী উপজেলা সদরে ভাড়া বাসায় থাকতেন। গতকাল সন্ধ্যার দিকে ফুলগাজী উপজেলা সদর বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন তাঁরা। সড়কে একটি দ্রুতগামী ট্রাক আসতে দেখে জাহানারা আক্তার ছেলেকে টেনে সড়কের এক পাশে পাঠানোর সময় নিজেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।

পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে চালককে পুলিশে সোপর্দ করেন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।

অপর দিকে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মঞ্জুরুল আলম (৪৫)। তিনি ফেনীর ফরহাদ নগর ইউনিয়নের উত্তর ফরহাদ নগর গ্রামের আবদুল মুনাফের ছেলে ও ছাগলনাইয়া উপজেলার পূর্ব ঘোপাল মুহুরী পুকুরপাড় নুরানি তালীমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ স্টারলাইন কাউন্টারের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন মঞ্জুরুল আলম। এ সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালে পাঠান। জরুরি বিভাগে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঞ্জুরুল আলমের লাশ বিনা ময়নাতদন্তের পরিবারের হাতে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।