
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর মিয়া (৪২)। তিনি গোয়াইনঘাট উপজেলার বাগাইয়া হাওর গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে মো. জাহাঙ্গীর মিয়া মোটরসাইকেলে করে সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে ট্রাকটি তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, নিহত ব্যক্তির মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি পাওয়া যায়নি। তিনি বলেন, নিহত ব্যক্তির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।