
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৬২১ গ্রাম সোনাসহ ভারতীয় পাসপোর্টধারী দুই ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বেনাপোল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুর রহিমের নেতৃত্বে শুল্ক গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করে। কর্মকর্তাদের ভাষ্যমতে, জব্দ সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ টাকা।
সোনাসহ আটক দুই ভারতীয় নাগরিক হলেন কলকাতার জোড়াবাগান থানার দেবেন্দ্র রোডের বাসিন্দা চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) এবং পিকনিক গার্ডেন রোডের রামশ্রীর ছেলে রাজেশ কুমার (৪২)।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, এক সপ্তাহ আগে তাঁরা বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
রাজস্ব কর্মকর্তা আবদুর রহিম গণমাধ্যমকর্মীদের জানান, ঢাকা থেকে কয়েকজন ভারতীয় চোরাকারবারি সোনার একটি চালান নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকবেন—এমন একটি তথ্য ভোররাতে মহাপরিচালকের কাছে পৌঁছায়। তিনি শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরীকে জানালে তাঁর (মনিরুজ্জামান চৌধুরী) নির্দেশে দর্শনা চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় পাসপোর্টধারী সন্দেহভাজন দুই নাগরিককে আটক এবং তাঁদের পায়ের জুতার মধ্য থেকে সোনার বার থেকে কাটা ১৩টি টুকরা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা জানিয়েছেন, এক সপ্তাহ আগে তাঁরা বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, শুল্ক গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধি দল মামলা করার জন্য জব্দ সোনাসহ দুই ভারতীয় নাগরিককে নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় থানায় আসেন। জব্দ সোনার টুকরাগুলো পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মামলা নেওয়া হবে।