
রাত প্রায় ১০টা। ক্যাম্প ফায়ারের অনুষ্ঠান শেষ হয়েছে। সারি বেঁধে তাঁবুর দিকে ফিরছে একদল কাব স্কাউট (শিশু স্কাউট)। পথে মাটিতে পড়ে থাকা পলিথিন, টিস্যু, কাগজসহ নানা আবর্জনা চোখে পড়তেই সেগুলো কুড়িয়ে নিচ্ছে শিশুরা। নির্দিষ্ট জায়গায় ফেলছে। রাতের আঁধারেও পরিচ্ছন্নতার এই সচেতনতা যেন স্কাউটিংয়ের শিক্ষারই প্রতিফলন।
ঠাকুরগাঁও বর্ডার গার্ড বিদ্যালয়ের শিক্ষার্থী জুই আক্তার বলে, ‘আমরা যেখানে-সেখানে ময়লা ফেলি না, পলিথিন ব্যবহার করি না। পরিবেশ রক্ষা করব—এটাই স্কাউটের শিক্ষা।’
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ছয় দিনের আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে (কাব স্কাউটদের মিলনমেলা) গিয়ে গতকাল রোববার রাতে কথা হয় দিনাজপুরের রাঙামাটি রাইফেলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহানের সঙ্গে। সে বলে, ‘আমাদের এলাকা মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জেনেছি। এ জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। পলিথিন পরিবেশের অনেক ক্ষতি করে। এর বিকল্প হিসেবে কাগজ বা পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা উচিত। ক্যাম্পে এসে বিষয়গুলো আরও ভালোভাবে শিখেছি।’
গত বুধবার শুরু হওয়া ক্যাম্পুরির সমাপনী হয় আজ সোমবার সকালে। ‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’ প্রতিপাদ্যের এ আয়োজনে রংপুর বিভাগের ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১১ বছর বয়সী ৭৮০ জন কাব স্কাউট অংশ নেয়। দায়িত্ব পালন করেন ১৩০ জন শিক্ষক, ১৩৫ জন কর্মকর্তা ও ৫২ জন স্বেচ্ছাসেবক।
ক্যাম্পুরির ভিলেজগুলোর (বড় ক্যাম্প এলাকাকে প্রশাসনিক ও আবাসিক সুবিধার জন্য ভাগ করা প্রধান অঞ্চল) নাম রাখা হয় স্থানীয় নদী ও জলাশয়ের নামে। ভিলেজ-১ রামসাগরের অধীন ছিল নাগর ও ধরলা সাবক্যাম্প। ভিলেজ-২ নীলসাগরের অধীন ছিল ঘাঘট ও চিকলী সাবক্যাম্প। ছেলেদের জন্য দুটি সাবক্যাম্পের অধীন ছিল ৭০টি তাঁবু এবং মেয়েদের দুটি সাবক্যাম্পের অধীন ছিল ৬০টি তাঁবু। প্রতিটি সাবক্যাম্পে তাদের জন্য ছিল পৃথক আয়োজন।
প্রতিদিন শিশুদের শুরু হতো ঘুম থেকে উঠে নাশতা, তাঁবু গোছানো ও সাবক্যাম্পের সমাবেশ দিয়ে। এরপর চলত নির্ধারিত কার্যক্রম। প্রত্যেক স্কাউটের জন্য ছিল ১০টি কার্যক্রম। এর মধ্যে ছিল শারীরিক কসরত, তাঁবু সাজানো, প্রতিভা অন্বেষণ, কুইজ ও খেলাধুলা। দিনের বিভিন্ন সময়ে প্রতিযোগিতা ও প্রশিক্ষণমূলক আয়োজনের মধ্য দিয়ে সময় কাটত শিশুদের।
গাইবান্ধার কুমারগাড়ী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আলমগীর বলেন, তাঁবুতে কয়েক দিন একসঙ্গে থাকার মধ্য দিয়ে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেওয়া হয়। তাঁর মতে, শৃঙ্খলা, সহযোগিতা ও মানবিকতার চর্চাই স্কাউটিংয়ের মূল আদর্শ।
গত শুক্রবার সকালে ক্যাম্পুরির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ও রাষ্ট্রপতির একান্ত সচিব আবুল আওয়াল।
গতকাল রাতে ক্যাম্প ফায়ার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দুর্যোগ ও সংকটে কাব স্কাউটরা স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আতশবাজি ও কাব দলগুলোর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় গতকালের আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে রংপুর বিভাগের ১২টি বিদ্যালয়ের কাব দল অংশ নেয়। এর মধ্যে সেরা ঘোষণা করা হয় ১০টি দলকে।
ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, পরিবেশের ক্ষতি করে এমন পণ্য বর্জন ও বিশ্বকে সবুজে ভরে তোলার বার্তাই এবার বিশেষ গুরুত্ব পেয়েছে ক্যাম্পুরিতে।
আজ সকালে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ক্যাম্পুরি।