শ্রমিকদের কর্মবিরতি, চট্টগ্রাম থেকে চলেনি পণ্যবাহী ট্রেন

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চাকরি স্থায়ী করার দাবিতে রেল শ্রমিকদের কর্মবিরতির কারণে বুধবার চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এর আগের দিন চাকরি স্থায়ী করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) ৪০ জন অস্থায়ী শ্রমিক রয়েছেন। চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করছেন তাঁরা। আন্দোলনরত শ্রমিকদের কর্মবিরতির কারণে বুধবার চট্টগ্রাম থেকে কোনো পণ্যবাহী ট্রেন ছেড়ে যায়নি। এদিন চট্টগ্রাম থেকে ছয়টি পণ্যবাহী ট্রেন ছাড়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ট্রেন কনটেইনারবাহী ছিল। আর দুটি ট্রেনে জ্বালানি তেল ও একটিতে গম পরিবহণের কথা ছিল।

কর্মবিরতিতে অংশ নেওয়া পয়েন্টসম্যান মোহাম্মদ রুমান প্রথম আলোকে বলেন, তিন মাস ধরে তাঁদের বেতন বন্ধ। বেতন পরিশোধের বিষয়েও কোনো আশ্বাস দিচ্ছে না কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতি পালন করেছেন।

এ বিষয়ে জানতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।