আশুগঞ্জে ট্রাকের ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট, ধান–চাল পরিবহন বন্ধ

ট্রাকের ভাড়া বাড়ানোর দাবিতে ট্রাকের মালিক ও শ্রমিকেরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এর ফলে ট্রাক চলাচল বন্ধ
ছবি: প্রথম আলো

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ধানের মোকাম ও চালকলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ধান–চাল পরিবহনে ট্রাকের ভাড়া বাড়ানোর দাবিতে ট্রাকের মালিক ও শ্রমিকেরা ধর্মঘটের ডাক দিয়েছেন।

এতে মোকামে ধানের বেচাকেনা বন্ধের পাশাপাশি ট্রাকে ধান পরিবহন বন্ধ আছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন মোকামের প্রায় এক হাজার শ্রমিক। দ্রুত ট্রাকে ধান পরিবহন শুরু না হলে চালের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন মিলমালিকেরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার দেশে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে পরিবহনমালিক ও শ্রমিকেরা আশুগঞ্জের ধান-চাল ব্যবসায়ীদের কাছে ধান পরিবহনে ট্রাকের ভাড়া বাড়ানোর দাবি করেন। গতকাল শনিবার দুপুর থেকে আজ রোববার দিনভর আশুগঞ্জের ধান-চাল ব্যবসায়ী ও চাতালকল মালিক সমিতির লোকজন ট্রাক পরিবহন মালিক সমিতির সঙ্গে দর-কষাকষি করেন। কিন্তু ট্রাকমালিক ও শ্রমিকেরা আগের মূল্যে ও বর্তমানে তাঁদের দাবি করা ভাড়ার বাইরে ট্রাকে ধান পরিবহনে আপত্তি জানিয়েছেন।

ধান-চাল ব্যবসায়ীরা জানান, লোকসানের কারণ দেখিয়ে মোকাম থেকে ধান পরিবহন বন্ধ করে দিয়েছেন ট্রাকমালিক-শ্রমিকেরা। প্রতি বস্তা ধান পরিবহনে আরও ৩ টাকা ৬৫ পয়সা থেকে ৬ টাকা ৯০ পয়সা পর্যন্ত বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন তাঁরা।

জেলা ট্রাক মালিক গ্রুপ সমিতির আশুগঞ্জ শাখার সভাপতি বাবুল সরকার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পরিবহনের কোনো মূল্য আমরা বৃদ্ধি করিনি। কিন্তু গাড়ির সবকিছুর দামই দ্বিগুণ হয়ে গেছে। তার ওপর এখন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। ট্রাক তো তেলে চলে। আশুগঞ্জের মেঘনা নদীর বিওসি ঘাট (ধানের মোকাম) থেকে উপজেলার সোনারামপুর, বাহাদুরপুর, বগইর, শান্তিনগর বিশ্বরোড পর্যন্তসহ বিভিন্ন জায়গায় অবস্থিত চাতালকলে ধান পরিবহন করা হয়। একেক জায়গায় একেক রকম তেল লাগে। তেলের হার অনুযায়ী কোনো কোনো জায়গায় প্রতি বস্তা ধান পরিবহনে ৩ টাকা ৬৫ পয়সা থেকে ৬ টাকা ৯০ পয়সা পর্যন্ত বাড়ানোর দাবি করেছি। আমরা এর একটি চার্ট তৈরি করেছি।’

বাবুল সরকার আরও বলেন, আজ দুপুরে বিষয়টি নিয়ে ধান–চাল ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বসার কথা ছিল। কিন্তু তাঁরা কেউ আসেননি। সকালে সার ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির লোকজনের সঙ্গে আলোচনা করে পরিবহন চলছে। কিন্তু ধান-চালের ব্যবসায়ীরা তাঁদের কথায় সাড়া দিচ্ছেন না। ট্রাকে ১৫০ বস্তা ও বড় ট্রাকে ২০০ বস্তা ধান পরিবহন করা হয়। তেলের পয়সা তো তাঁদের পেতে হবে।

খোঁজ নিয়ে জানা যায়, আশুগঞ্জের মেঘনা নদীর তীরে গড়ে উঠেছে পূর্বাঞ্চলীয় ধানের বড় মোকাম। ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলার হাওরাঞ্চলে উৎপাদিত ধান আশুগঞ্জের বিওসি ঘাটে বেচাকেনা হয়। ধানের মৌসুমে প্রতিদিন প্রায় ১ লাখ মণ ধান এবং বাকি সময় ৫০-৬০ হাজার মণ ধান বেচাকেনা হয়। আর বর্তমানে মোকামে বিআর-২৯ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৮০ থেকে ১ হাজার ১০০ টাকা মণ। আর মোটা ধান বিক্রি হচ্ছে ৯১০-৯২০ টাকা মণ। কিন্তু ট্রাকমালিক ও শ্রমিকদের ধর্মঘটের কারণে ধান পরিবহন বন্ধ থাকায় মোকামে আজ বেচাকেনা বন্ধ আছে। এতে ধানের বড় এই মোকামে অচলাবস্থার সৃষ্টি হয়। দূরদূরান্ত থেকে ধান নিয়ে আসা ব্যাপারীরা যেমন দুর্ভোগে পড়েছেন, তেমনি বেকার হয়ে পড়েছেন মোকামের প্রায় এক হাজার শ্রমিক। একই সঙ্গে উপজেলার তিন শতাধিক চালকল ব্যবসায়ীও বিপাকে পড়েছেন। কারণ, ধর্মঘটের জন্য চাল পরিবহনও বন্ধ আছে।

আশুগঞ্জ উপজেলা অটোরাইস মিল মালিক সমিতির সদস্য হাসান ইমরান বলেন, ট্রাকের ভাড়া বাড়লে এর প্রভাব চালের বাজারে পড়বে। কারণ, পরিবহন খরচ বাড়লে গড়ে ধানের দামও বেড়ে যাবে, বাড়বে চালের দামও। তখন নতুন সংকট তৈরি হবে।
উপজেলার ধান-চাল ব্যবসায়ী সমিতির সভাপতি জারু মিয়া প্রথম আলোকে বলেন, ‘সরকার একটা মূল্য নির্ধারণ করেছে। আলোচনা সাপেক্ষে সামান্য এদিকে-সেদিক করে ভাড়া বাড়িয়ে দেওয়া হবে। তবুও আপনারা গাড়ি চালান। মানুষ বিপদে আছে। তাঁদের উদ্ধার করেন। মালগুলো মোকাম ও গোডাউনে পড়ে আছে। আগামীকাল বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে বসব। তাঁরা যদি রাজি না হন, তাহলে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশের শরণাপন্ন হব। কারণ, তাঁরা আকাশকুসুম ও অতিরঞ্জিত ভাড়া দাবি করছেন।’