পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালানোর পর চট্টগ্রামের রাউজানের ইউনিয়নে ইউনিয়নে বিজয় মিছিল করেছে বিভিন্ন দলের নেতা-কর্মী ও বিক্ষুব্ধ জনতা। বিজয় মিছিল থেকে একটি পক্ষ স্থানীয় সংসদ সদস্য ফজলে করিমের খামারবাড়ি, থানা ভবন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, পৌরসভা কার্যালয়, আওয়ামী লীগের দলীয় লোকজনের রেস্টুরেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ছাড়া রাউজান প্রেসক্লাবেও ভাঙচুর হয়েছে এবং স্থানীয় চার সাংবাদিকের বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।
এসব ঘটনা ঘটে গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত সময়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে। এদিকে গতকাল সোমবার বিকেল থেকে উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় সব নেতা-কর্মী নিরাপদে, কৌশলে এলাকা ছেড়েছেন।
রাউজান থানা সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে থানায় হামলা ও ভাঙচুর হয়। ওসি জাহিদ হোসেন ও অন্য কর্মকর্তাদের বাসায় ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন। এসব ঘটনায় একদিকে আনন্দ, অন্যদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপজেলাজুড়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা থেকে উপজেলার নানা জায়গায় মিছিলের পর সরকারদলীয় লোকজনের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার খবর আসে। রাতে থানায় আক্রমণ করে কয়েক শ মানুষ। চলে ভাঙচুর ও লুটপাট।