চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় তিনতলা ভবন থেকে পড়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জুম্মান (৩৪) শহরের কয়লাঘাট এলাকার হাবিব হাওলাদারের ছেলে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, চুরির উদ্দেশ্যে জুম্মান জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের একটি তিনতলা ভবনে ঢুকেছিলেন। এ সময় অসাবধানতাবশত ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের লোকজন তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে জুম্মানের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।