
শিশু সুমাইয়া খাতুনের বয়স এখন আট। এক বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তার মা খাদিজা খাতুনের মৃত্যু হয়। এরপর বাবা আবদুস সোবহানই ছিলেন তার সব। মমতা-ভালোবাসায় শিশুকন্যাকে বুকে আগলে রেখেছিলেন এই বাবা। কিন্তু গতকাল শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় আবদুস সোবহানের। এতিম হয়ে যায় সুমাইয়া।
নিহত আবদুস সোবহানের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে। তিনি ফকিরপাড়া গ্রামের ইসমাইল হোসেন হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। সুমাইয়া খাতুন মা–বাবার একমাত্র সন্তান।
জলসায় যাওয়ার পথে গতকাল রাত সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাইকপাড়া এলাকায় ট্রাকচাপায় মারা যান আবদুস সোবহান (৩৮)। আজ রোববার দুপুরে জানাজার পর তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আবদুস সোবহানের ভাতিজা আবদুর রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এক বছর আগে আমার চাচি (আবদুস সোবহানের স্ত্রী) মারা যান। এরপর পরিবারের সবাই চাচাকে বিয়ে করাতে চাইলেও তিনি রাজি হননি। মাদ্রাসায় চাকরির পাশাপাশি তিনি মেয়ের দেখাশোনা করতেন। চাচার এভাবে চলে যাওয়ায় এতিম হয়ে গেল সুমাইয়া।’
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে জানিয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পুলিশ যাওয়ার আগেই ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। ঘটনাস্থল কাজীপুর থানা এলাকায়। তাই পরে ঘটনাটি কাজীপুর থানা–পুলিশকে জানানো হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কাজীপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত। তিনি প্রথম আলোকে বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর ছাত্র ইমরান হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা সোনামুখী বাজার এলাকায় এক ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে রওনা হন আবদুস সোবহান। পথে ধুনট-কাজীপুর সড়কের ঢকঢগিয়া গ্রামের কাছে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবদুস সোবহানের।
ওই মোটরসাইকেলে থাকা ছাত্র ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ঢকঢগিয়া গ্রামের কাছে বালুবাহী কয়েকটি ট্রাক একসঙ্গে দ্রুতগতিতে আসছিল। এ সময় তাঁর শিক্ষক আবদুস সোবহান ভয় পেয়ে তাঁকে মোটরসাইকেল থেকে নামতে বলেন। তিনি নামার পর মোটরসাইকেলটি সড়কের পাশে থামাতে যান আবদুস সোবহান। এ সময় একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।