সিটি নির্বাচন

সিলেটে ফিরে দলীয় প্রার্থীর জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা জাকির

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন যুক্তরাজ্য সফর শেষে সিলেট ফিরলে বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে
ছবি : প্রথম আলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলটির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ ১১ জন। তবে গত ১৫ এপ্রিল দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বেছে নিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে।

এদিকে আনোয়ারুজ্জামানের মনোনয়ন পাওয়ার পরদিনই জাকির হোসেন যুক্তরাজ্যে চলে যান। গতকাল বুধবার দুপুরে বিমানযোগে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগ তাঁকে সংবর্ধনা দেয়। তখন বক্তব্যে জাকির বলেন, দলের সব নেতা-কর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না।

সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা দল মনোনীত প্রার্থীর পক্ষে সব সময় ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে কাজ করেন। এবারও সে দৃষ্টান্ত দেখেছেন সিলেটবাসী। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আরও অনেক শ্রদ্ধাভাজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁরা কেউই তাঁর চেয়ে কোনো অংশেই কম যোগ্য নন। তবে দল তাঁকে মনোনয়ন দেওয়ার পরপরই সবাই স্বাগত জানিয়েছেন এবং নৌকার জয়ের জন্য মাঠে নেমেছেন। এ ভ্রাতৃত্ববোধ আছে বলেই আওয়ামী লীগের অগ্রযাত্রা আছে এবং তা চলতেই থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিক ও মো. সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান ও বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্মবিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান জামিল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সেলিম আহমদ, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে মো. জাকির হোসেন বলেন, ‘নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।’