
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে ভেসে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার মশরহাটী এলাকায় লাশটি উদ্ধার করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ভৈরব নদে জোয়ার ছিল। সকাল ১০টার দিকে উপজেলার মধ্যপুর এলাকায় ভৈরব নদে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ ভেসে যাচ্ছিল। তাঁর পরনে একটি জিনসের প্যান্ট ও গায়ে কিছুটা হলুদ রঙের গেঞ্জি ছিল। এলাকাবাসী লাশটি ভেসে যেতে দেখে নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। এরপর নৌ পুলিশ লাশটির খোঁজে নামে। দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলার মশরহাটী এলাকায় ভৈরব সেতুর পাশে নদে লাশটি পাওয়া যায়। সেখান থেকে বেলা তিনটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নৌ পুলিশ জানায়, লাশটি কয়েক দিন আগের হওয়ায় গলে গেছে। মৃত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে।
লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রণজিৎ সেন। তিনি বলেন, মৃত ব্যক্তির নাম ও পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।