বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ফেনীতে ২৬ যাত্রীকে জরিমানা

ফেনী জেলার মানচিত্র
ফেনী জেলার মানচিত্র

ফেনী স্টেশনে তিনটি ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করায় ২৬ যাত্রীকে জরিমানা করেছেন রেল বিভাগের ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ওই ২৬ জনের কাছ থেকে ৯ হাজার ৬৭৫ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, টিকিট কালোবাজারি, প্রকাশ্যে ধূমপান ও ট্রেনে ঢিল মারা ঠেকাতে ফেনীতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেল বিভাগ। সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো অভিযানে ফেনী স্টেশন হয়ে আসা–যাওয়া করা তিনটি ট্রেনের ২৬ যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত এসব যাত্রীর কাছ থেকে আইনানুযায়ী ভাড়া ও বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৯ হাজার ৬৭৫ টাকা জরিমানা আদায় করেন।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী প্রথম আলোকে বলেন, রেলে বিনা টিকিটে ভ্রমণ, টিকিট কালোবাজারি রোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে এ অভিযান চালানো হয়েছে।

একই সময়ে স্টেশন এলাকায় প্রকাশ্যে ধূমপান ও চলন্ত ট্রেনে ঢিল ছোড়াবিরোধী ক্যাম্পেইন চালানো হয় বলে জানিয়েছেন ফেনী রেলস্টেশনের মাস্টার মো. হারুন অর রশিদ।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিম, বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, ফেনীর স্টেশনমাস্টার মো. হারুন অর রশিদ প্রমুখ।